পাবনা থেকে বাস চলাচল বন্ধ
পরিবহন শ্রমিকদের মারধর ও গাড়ি ভাংচুরের প্রতিবাদে পাবনা থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা মটর শ্রমিক ইউনিয়ন।
সোমবার রাত ৮টায় থেকে বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানান পাবনা জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাবনার নাইট স্টার পরিবহনের শ্রমিকদের মারধর ও গাড়ি ভাংচুরের প্রতিবাদে এ ধর্মঘট ডাকা হয়েছে বলে জানান তিনি।
ফিরোজ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত শুক্রবার যাত্রী তোলাকে কেন্দ্র করে পাবনার উত্তরণ পরিবহন ও উল্লাপড়ার আরএস পরিবহনের শ্রমিকদের মধ্যে মারামারি হয়। এরই জেরে তিন দিন ধরে পাবনা সিরাজগঞ্জ রুটে গাড়ি চলাচল বন্ধ ছিল।
“সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনা থেকে ঢাকাগামী নাইট স্টার পরিবহনের একটি যাত্রীবাহী কোচ উল্লাহপড়া পৌঁছলে উল্লাপাড়ার শ্রমিকরা গাড়িটিতে হামলা চালিয়ে ভাংচুর ও শ্রমিকদের মারধর করে।”
এরই প্রতিবাদে তাৎক্ষণিক সিদ্ধান্তে পাবনা জেলা শ্রমিক ইউনিয়ন ও মটর মালিক গ্রুপ অনির্দিষ্টকালের এ পরিবহন ধর্মঘট আহ্বান করে বলে জানান এ শ্রমিক নেতা।
