২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন: মাগুরায় আ.লীগ কর্মী খুন

মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের চর-জোকা গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগের এক কর্মী খুন হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2016, 03:44 PM

Updated : 20 Aug 2022, 12:32 PM

সোমবার সকালে এই সহিংসতার ঘটনায় এক ইউপি সদস্যসহ কয়েকজন আহত হয়েছে।

নিহত বাবলু শেখ (৩৫) চরজোকা গ্রামের আব্দুল কাদের মাস্টারের ছেলে। তিনি গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের  প্রার্থী আব্দুল হালিমের পক্ষে কাজ করেছেন।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের ব্রাদার খায়রুল ইসলাম জানান, চরজোকা গ্রামের আনোয়ার (৩৫), আলিম শেখ (৪০) ও  ফয়জার (৩০) নামে জখম অবস্থায় ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

অতিরিক্তি পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, “চাচাত ভাই শরিফুলের সাথে বাবলুর আগে থেকেই পারিবারিক বিরোধ ছিল। শরিফুলের হামলায় বাবলু নিহত হয়েছে। এ সময় ৪-৬ আহত হয়েছে।

“নিহত বাবলু নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হালিমের সমর্থক। অন্যদিকে শরিফুল পরাজিত চেয়ারম্যান প্রার্থী ইউসুফের কর্মী।

“পারিবারিক বিরোধের পাশাপাশি এ হত্যাকাণ্ডের সাথে সর্বশেষ নির্বাচনী বিরোধ যুক্ত হয়েছে।”

ঘটনাস্থলে অবস্থান করা অবস্থায় তারিকুল জানান, এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হালিম অভিযোগ করে বলেন, “ইউসুফের সমর্থকরা অতকির্তে বাবলুর বাড়িতে হামলা চালিয়ে তাকে ধারালো অস্ত্র ও সড়কি দিয়ে কুপিয়ে জখম করেছে।

“এ সময় সাহেব আলী মেম্বর ঠেকাতে গেলে হামলাকারীরা তাকেসহ তার লোকজনকে কুপিয়ে আহত করেছে।”

তবে এ অভিযোগ অস্বীকার করে ইউসুফ বিশ্বাস বলেন, “এ হত্যাকাণ্ডের সাথে তার সমর্থকদের কোনো সম্পর্ক নেই।

“পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে।”

হামলায় আহত হওয়ার পর আব্দুল হালিমের লোকজন বাবলুকে গলা টিপে হত্যা করে বলে দাবি করে বলেন, “তার দাবি ময়না তদন্তে বিষয়টি প্রমানিত হবে।” 

এলাকাবাসী জানায়, গত ২৩ এপ্রিল গয়েশপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়ে।

এক পক্ষ দলীয় সমর্থিত প্রার্থী আব্দুল হালিম এবং অপর পক্ষ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইউসুফ হোসেনের পক্ষ নেয়।

নির্বাচনের আগে হালিমের সমর্থকরা কয়েক দফা ইউসুফ সমর্থকদের উপর হামলা চালিয়ে ৪-৬ জনকে আহত করে এবং কয়েকটি বাড়িঘর ভাংচুর করে বলেও এলাকায় অভিযোগ রয়েছে।

এরই জেরে সোমবার সকালে চরজোকা গ্রামে হালিম সমর্থক বাবলুর বাড়িতে হামলা চালায় ইউসুফ সমর্থক বাহারুলের লোকজন।