‘প্রধানমন্ত্রীর সহায়তা আজও পাননি’ রানা প্লাজায় আহত সজীব
প্রধানমন্ত্রী নির্দেশিত আর্থিক সহায়তা পাননি বলে দাবি করেছেন রানা প্লাজা ধসে গুরুতর আহত শ্রমিক সজীব হোসেন।
এ বিষয়ে জানতে চাইলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রানা প্লাজার ঘটনার পর ৫ জুন সজীব মিয়া, হালিম মিয়া, কোহিনুর ও ঝর্না খাতুন নামের দুজন মেয়ে ও দুজন ছেলেকে পঙ্গু অবস্থায় হুইল চেয়ার বিতরণের জন্যে প্রধানমন্ত্রীর দপ্তরের নিয়ে যাওয়া হয়।
“সেদিন হুইল চেয়ার বিতরণের সময় প্রধানমন্ত্রী তাদের অবস্থা দেখে তার অ্যাসাইনমেন্ট অফিসার শামিমুর রহমান মুশফিককে এই চারজনকে অনুদান দেওয়ার কথা বলেন।
“পরে আর কি হয়েছে আমার জানা নেই।”
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাজার বাসস্ট্যান্ডে ৯ তলা রানা প্লাজা ভবন ধসে পড়ে নিহত হয় ১ হাজার ১৩৬ জন; আহত হয় অন্তত ২ হাজার ৪৩৮ জন।
তাদের একজন পাবনার সজীব হোসেন। পাবনার ফরিদপুর উপজেলার বিল বকরি গ্রামের তার বাড়ি। দুর্ঘটনার সময় কাজ করতেন রানা প্লাজার ইথারটেক্স গার্মেন্টসে।
সজীব বলেন, “ওই দিন আমাদের বলা হয়েছিল আগামী ১/২ সাপ্তাহের মধ্যেই তোমরা টাকা পেয়ে যাবে। সেই টাকা আমরা আজও পাই নাই।
“তবে সেখান থেকে ফিরে আসার পর একবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফোন করে আমার সমস্ত তথ্যাদি নিয়েছিল।”
সেদিনে বর্ণনা করতে গিয়ে তিনি জানান, ২০১৩ সালে ২৪ এপ্রিল রানা প্লাজার ৬ষ্ঠ তলায় কাজ করার সময় ধসের ঘটনা ঘটে। ইট কংক্রিটের নিচে ঘণ্টা তিনেক আটকে ছিলেন ছিলেন তিনি।
২০১৩ সালের ৫ জুন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের কথা প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাকে অনুদান দেওয়া হবে বলে তিনি ব্যাংক অ্যাকাউন্ট খোলেন।
সেদিনের সেই দুঃসহ স্মৃতির বর্ণনা করতে গিয়ে সজীব বলেন, “চিকিৎসার অভাবে শরীর অকেজো হতে চলেছে। পরিবারের বোঝা হয়ে বেঁচে থাকার চেয়ে না এ জীবন থাকাই ভালো।”
সজীবের বৃদ্ধ বাবা ওমর আলী জানান তার সামান্য সম্বল ছেলের চিকিৎসায় ব্যয় হয়ে গেছে।
সজীবের স্ত্রী রাবেয়া খাতুনও পোশাক শ্রমিক ছিলেন। কাজ করতেন রানা প্লাজার এক কারখানায়। শাশুড়ির অসুস্থতার খবর পেয়ে ধসের কদিন আগে তিনি ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন।
তিনি বলেন, “এখনো ঘুমের ঘোরে চিৎকার দিয়ে ওঠে সজীব। পিঠের মেরুদণ্ডের এই চিকিৎসা করানো আমাদের পক্ষে সম্ভব না।
“কী করে আগামী দিনগুলো পাড়ি দিব সেই চিন্তায় ঘুম হয় না ঠিক মতো।”
