২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের ৩০ নাগরিককে দেশে ফেরত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও তমব্রু সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশকারী ৩০ মিয়ানমার নাগরিককে আটক করে তাদের দেশে ফেরত পাঠিয়েছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2016, 02:25 PM

Updated : 20 Aug 2022, 12:32 PM

সোমবার ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান বিজিবি কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার।

তিনি বলেন, “সোমবার ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত বিভিন্ন সময়ে তারা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে।

“বিজিবির টহল দলের সদস্যরা তমব্রু পশ্চিমকূল ও বেতবুনিয়া বাজার এলাকায় বিচ্ছিন্নভাবে ঘোরাঘুরি করার সময় এই ৩০ মিয়ানমার নাগরিককে আটক করে।”

পরে দুপুরে ঘুমধুম সীমান্ত দিয়ে তাদের দেশে ফেরত পাঠানো হয় বলে জানান তিনি।

এই ৩০ জনসহ চলতি মাসে এ পর্যন্ত ৪৩২ জন মিয়ানমার নাগরিককে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটকের পর ফেরত পাঠানো হয়েছে বলে জানান তিনি।

পুরনো খবর:

মিয়ানমারের ৪০ নাগরিক ফেরত পাঠালো বিজিবি