স্ত্রী হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
‘স্বামীর দ্বিতীয় বিয়ে’ নিয়ে বিবাদের পর গাজীপুরের কালিয়াকৈরে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
রোববার কাথাচূড়া এলাকা থেকে সুমি আক্তারের (৩০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সুমি কাথাচূড়া এলাকার আবুল কালামের স্ত্রী। ঘটনার পর থেকে আবুল কালাম পলাতক রয়েছেন বলে পুলিশ বলছে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে কালিয়াকৈর থানার এসআই খন্দকার মুক্তি মাহমুদ বলেন, চার বছর আগে কাথাচূড়ার আমান উল্লাহর ছেলে আবুল কালামের সঙ্গে মোবাইলে প্রেমের সর্ম্পক হয়ে কুষ্টিয়ার আজহার মিয়ার মেয়ে সুমি আক্তারের বিয়ে হয়।
“বিয়ের পর থেকে বাবার পরিবারের সঙ্গে সুমির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর এক বছর পর থেকে সুমিকে নানাভাবে নির্যাতন করে আসছিলেন কালাম।”
এসআই মাহমুদ বলেন, এক সপ্তাহ আগে কালাম দ্বিতীয় বিয়ের চেষ্টা করেন। ওই খবর শুনে সুমি গত সোমবার বিষপানে আত্নহত্যার চেষ্টা করেন।
কিন্তু এর দুদিন পর কালাম সিলেট বেড়াতে যাওয়ার কথা বলে দ্বিতীয় বিয়ে করেন। শনিবার দুপুরে বাড়িতে ফিরে আসার পর বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় বলে জানান এসআই মাহমুদ।
“ওই সময় সুমিকে বেধরক মারপিট করেন কালাম। পড়ে সুমিকে আর খুঁজে পাওয়া যায় নি।”
রোববার সকালে বাড়ির পাশে একটি কাঁঠাল গাছে ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান মাহমুদ।
