ফুল আর কান্নায় রানা প্লাজায় নিহতদের স্মরণ
নানা কর্মসূচিতে তিন বছর আগে রানা প্লাজা ধসে নিহতদের স্মরণ করেছেন স্বজন, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
তাদের স্মরণে ঘটনাস্থলে নির্মিত ‘অস্থায়ী বেদিতে’ রোববার ফুল দেন তারা।
এ সময় নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
বিভিন্ন শ্রমিক সংগঠনও নানা কর্মসূচি পালন করেছে। আয়োজন করা হয় দোয়া মাহফিল। এছাড়া তারা রানা প্লাজার মালিক সোহেল রানার শাস্তির দাবিতে মানববন্ধনও করেন।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাজার বাসস্ট্যান্ডে ৯ তলা রানা প্লাজা ভবন ধসে পড়ে নিহত হয় ১ হাজার ১৩৬ জন পোশাক শ্রমিক ও কর্মী; আহত হয় অন্তত ২ হাজার ৪৩৮ জন।
সকালে ধসে পড়া রানা প্লাজার সামনে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি কালো ব্যাজ ধারণ করে ঢাকা আরিচা-মহাসড়কে বিক্ষোভ মিছিল করে।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের অভিযোগ, ৩ বছর পার হলেও এখনও অনেক নিহত শ্রমিকদের স্বজন ও আহত শ্রমিকরা আর্থিক ক্ষতিপূরণ পায়নি।
অনেক আহত শ্রমিক অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিতে না পারায় স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি বলেও বক্তারা বলেন।
ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে রানা প্লাজা ধসে নিহত, আহত ও ক্ষতিগ্রস্তদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন মোহাম্মদ সালাউদ্দিন ও ঢাকা জেলা পুলিশ সুপার।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম মোল্লাসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন কিছু দিনের মধ্যে রানা প্লাজার স্থলে একটি স্থায়ী শহীদ বেদী নির্মাণের আশ্বাস দেন।
বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজন করে আলোকচিত্র প্রদর্শনীর।
এছাড়াও গণস্বাস্থ্য কেন্দ্র, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি, বাংলাদেশ এন্ট্রি ফায়ার এন্ড ডিজেস্টার ম্যানেজমেন্ট ফাউন্ডেশন, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক আন্দোলন, বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে ২৪ এপ্রিল শোক ও শ্রমিক নিরাপত্তা দিবস পালনে কালো ব্যাজ ধারণ করা হয়।
দোষীদের শাস্তি দানসহ আহত, নিহত ও নিখোঁজদের পরিবারের সদস্যদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা।
অন্যদিকে রানা প্লাজা ধসের তৃতীয় বার্ষিকী উপলক্ষে তৈরি পোশাক কারখানাগুলোতে ছুটি ঘোষণা না করায় সাভার পাকিজা ডাইং, জিহান নিট কম্পোজিট লিমিটেড, হাই পয়েন্ট, আজিম গ্রুপ, ভিশন গার্মেন্টসসহ অন্তত ১০টি পোশাক কারখানায় বিক্ষুব্ধ শ্রমিকরা ভাঙচুর করেছে বলে খবর পওয়া গেছে।
