মধুখালীতে আ. লীগ প্রার্থীর ভাইকে কুপিয়ে হত্যা
ফরিদপুরের মধুখালীতে ইউপি নির্বাচনের প্রচারের মধ্যে আওয়ামী লীগের প্রার্থীর ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মধুখালী থানার ওসি রহুল আমিন জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাঘাট ইউনিয়নে এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।
এ ঘটনায় বাঘাট ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থীসহ পুলিশ আটজনকে আটক করেছে বলে জানান ওসি।
নিহত মো. আতিয়ার রহমান (৫৫) বাঘাট ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মতিয়ার রহমানের বড় ভাই। আগামী ৭ মে এ ইউনিয়নে ভোট হওয়ার কথা।
ওসি বলেন, রাত সাড়ে ৯টার দিকে রায়জদেবপুর এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পের সামনে দিয়ে বিএনপি প্রার্থীর সমর্থকরা কয়েক দফা মিছিল করে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
“রাত সাড়ে ১০টার দিকে বিএনপির প্রার্থীর সমর্থকরা আওয়ামী লীগের নির্বাচনী অফিসে হামলা করে এবং কর্মীদের এলোপাতাড়ি কোপানো শুরু করে। এ সময় আতিয়ারসহ উভয়পক্ষের অন্তত আটজন আহত হন।”
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমম্পেলেক্স নেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে সেখানে আতিয়ারের মৃত্যু হয় বলে জানান ওসি।
তিনি জানান, এ ঘটনায় বিএনপির প্রার্থী আব্দুর রহিমসহ আটজনকে রাতেই আটক করা হয়েছে। মধুখালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
“শনিবার রাত থেকেই বাঘাট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিমও রয়েছে।”
আতিয়ারের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
ঘটনার পর রাতে ও রোববার সকালে বিক্ষুব্ধ জনতা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছে। এ সময় তারা হত্যাকারীদের বিচার দাবি করে।
নিহতের ভাই ও আওয়ামী লীগ প্রার্থী মতিয়ার রহমান বলেন, বিএনপির নেতাকর্মীরা নির্বাচনে পরাজয় জেনেই এই হামলা করেছে।
তিনি জানান, রোববার বাদ আসর বাঘাট বাজারের জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হয়েছে।
মধুখালী উপজেলা বিএনপির সভাপতি ইরান চৌধুরী বলেন, “আওয়ামী লীগ কর্মী-সমর্থকেরা পরিকল্পিতভাবেই রায়জদেবপুর এলাকায় আমাদের মিছিলে বাধা দিয়ে আমাদের কর্মীদের লাঞ্ছিত করেছেন।”
