২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধূর শরীরে আগুন দেওয়ার অভিযোগ

‘যৌতুকের দাবি না মেটানোয়’ সিরাজগঞ্জের রায়গঞ্জে এক গৃহবধূর শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2016, 06:12 PM

Updated : 20 Aug 2022, 12:30 PM

উপজেলার ইছলাদহ গ্রামে স্বামীর বাড়িতে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

দগ্ধ সেলিনা খাতুনকে (২৫) সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

সেলিনার মা আমসারা গ্রামের ফাতেমা বেগম বলেন, এক বছর আগে পার্শ্ববর্তী ইছলাদহ গ্রামের সুলতান শেখের ছেলে সোহাগের সঙ্গে তার মেয়ে সেলিনার বিয়ে হয়।

“বিয়ের পর কিছুদিন ভালো চললেও পরবর্তীতে প্রায়ই বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য স্ত্রীকে চাপ দিতে থাকে সোহাগ।”

ফাতেমা বলেন, মেয়ের সুখের কথা ভেবে এনজিও থেকে ঋণ নিয়ে সোহাগকে পোল্ট্রির ব্যবসাও খুলে দেওয়া হয়। এ অবস্থায় বৃহস্পতিবার বিকালে আবার বাবার থেকে টাকা এনে দিতে বললে সেলিনা রাজি হয়নি।

তখনই সোহাগের পরিবারের সবাই মিলে সেলিনাকে মারধর করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে ফাতেমা দাবি করছেন।  

সিরাজগঞ্জ সগর হাসপাতালের চিকিৎসক নাজমুল হুদা বলেন, সেলিনার শরীরের ৭০ থেকে ৮০ শতাংশ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সলঙ্গা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, অসুস্থ অবস্থায় ওই গৃহবধূকে স্বজনরা ঢাকায় নিয়ে গেছেন।

এ ঘটনায় এখনও মামলা করতে কেউ থানায় আসেনি বলে জানান তিনি।