২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মামার ‘পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে’ প্রাণ গেল ভাগ্নের

মানিকগঞ্জের সাটুরিয়ায় মামার ‘পাওনা টাকা নিয়ে গণ্ডগোলে’ ভাগ্নেকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2016, 12:35 PM

Updated : 20 Aug 2022, 12:30 PM

বৃহস্পতিবার রাতে উপজেলার হরগজ গ্রামে এ ঘটনা ঘটে বলে সাটুরিয়া থানার ওসি মো. হাবিবুল্লাহ সরকার জানান।

নিহত সুশান্ত চন্দ্র সরকার (২৩) ওই গ্রামের মৃত কৃষ্ণপদ সরকারের ছেলে।

এ ঘটনায় সুশান্তের মামা মণ্টু চন্দ্র সরকারও (৩৫) আহত হয়েছেন। তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন মণ্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় তিন মাস আগে প্রতিবেশী কমল চন্দ্র সরকার (৩৫) তার কাছ থেকে দুই হাজার টাকা ধার নেন। এক সপ্তাহ আগে কমল তাকে ৭০০ টাকা ফেরত দেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কমল তার কাছে ওই ৭০০ টাকা আবার ফেরত চান।

এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে কমল তাকে ‘কিলঘুষি’ ও ‘লাথি’ মারেন বলে মন্টুর অভিযোগ।

তিনি বলেন, “রাত ৯টার দিকে কমল, তার ভাই বিমল, শ্যামল, বাবা পরেশ চন্দ্র সরকার এবং কমলের ছেলে সাগর লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে বাড়িতে হামলা চালিয়ে প্রথমে আমাকে ও আমার মাকে মারধর করে।

“এ সময় আমার ভাগ্নে সুশান্ত বাধা দিতে গেলে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে। সুশান্ত মাথায় আঘাত পেয়ে এক সময় মাটিতে লুটিয়ে পড়ে।”

পরে স্থানীয়রা মামা-ভাগ্নেকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুশান্তকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কমল চন্দ্র সরকার ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।

সুশান্তের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি হাবিবুল্লাহ জানিয়েছেন।