২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্ত করার জের: ভাংচুর, ভাইকে কুপিয়ে জখম

নেত্রকোণায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করার জেরে বাড়িঘর ভাংচুরের পর এবার  বখাটেরা ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 09:17 PM

Updated : 25 Jul 2022, 09:24 PM

এ ঘটনায় আহত হয়েছেন নেত্রকোণা সদর উপজেলার মদনপুর গ্রামের সিদ্দিকুর রহমান ফকিরের ছেলে শরিফুল ইসলাম মাসুম (২৩)।

বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় শরিফুলকে স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে বলে জানায় পুলিশ।

স্থানীয়দের উদ্ধৃত করে নেত্রকোণা মডেল থানার ওসি মাছুদুল আলম জানান, শরিফুলের ছোট বোন নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

‘বিদ্যালয়ে যাতায়াতের পথে তাকে নানাভাবে উত্ত্যক্ত করত উপজেলার মদনপুর গ্রামের জিহাদ মিয়া (২৫), মাহাবুল (২৫) ও পরাগসহ (২৪) কয়েকজন যুবক।

‘গত ৬ জানুয়ারি স্কুলে যাওয়ার পথে সকাল সাড়ে ১১টার দিকে ছাত্রীটিকে অপহরণ করে নিয়ে যেতে চেষ্টা চালায় এই যুবকরা।’

এ নিয়ে ভাই শরিফুল প্রতিবাদ করলে তারা শহরের কুড়পাড় এলাকার ছাত্রীটির বাসায় হামলা চালিয়ে ভাংচুর করে বলে জানান তিনি।

এ ঘটনায় প্রায় দেড়মাস আগে করা মামলায় মদনপুর গ্রামের ওই তিন যুবক গ্রেপ্তারের পর জেল হাজত থেকে বেরিয়ে মামলা তুলে নিতে হুমকি দিতে থাকে উল্লেখ করে পুলিশ জানায়, এর জের ধরে বৃহস্পতিবার বিকালে মদনপুর বাজারে শরিফুলকে কোপায় ওই তিন যুবক।