২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের উপর হামলা: যুবলীগের ৮ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশকে মারধর, গাড়ি ভাংচুরের ঘটনায় তারাবো পৌর যুবলীগের সভাপতিসহ আটজনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 08:36 PM

Updated : 20 Aug 2022, 12:30 PM

বৃহস্পতিবার বিকেলে করা এ মামলার খবর দিয়ে রুপগঞ্জ থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, “আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

রুপগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ বাদি হয়ে করা এ মামলায় ওই আটজন ছাড়াও অজ্ঞাত ৭০/ ৮০ জনকে আসামি করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দান, পুলিশকে মারধর, পুলিশের গাড়ি ভাংচুর ও  যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

এসআই ফরিদ জানান, রূপগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের কাজে গাড়ি রিকুজেশনের জন্য গত বুধবার সন্ধ্যায় তারাব বিশ্বরোড গোল চত্বরে নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের এএসপি বদরুল আলমের নেতৃত্বে একটি দল অবস্থান নেয়।

“এ সময় ব্রাহ্মণবাড়িয়ার একটি নোহা মাইক্রোবাস আটক করলে তারাব পৌর যুবলীগের সভাপতি আব্দুল আউয়াল গাড়িটি ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেয় এবং ক্ষিপ্ত হয়ে বাগবিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

“তার সমর্থকরা ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশ বক্সে হামলা ও ভাংচুর চালায়। ট্রাফিক পুলিশের এএসপির পিকআপ ভ্যানের গ্লাস ভাংচুর করা হয়।

“এক পর্যায়ে তারা ঢাকা-সিলেট মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ করেও রাখে।”

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হামলায় রূপগঞ্জ থানায় এসআই ফরিদ হোসেন, শাজাহান মিয়াসহ ৪ জন আহত হন বলে জানায় পুলিশ।

পুরনো খবর:

যুবলীগের হামলায় ২ এসআইসহ ৪ পুলিশ আহত