২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগের হামলায় ২ এসআইসহ ৪ পুলিশ আহত

নারায়ণগঞ্জে নির্বাচনী কাজের গাড়ি রিকুইজিশন নিয়ে বিবাদের জেরে এক যুবলীগনেতাকে ধরে পুলিশ বক্সে বসিয়ে রাখার অভিযোগে পুলিশের উপর হামলার খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 01:46 AM

Updated : 20 Aug 2022, 12:30 PM

বুধবার সন্ধ্যা রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বিশ্বরোড গোলচত্বর এলাকায় এ ঘটনায় যুবলীগকর্মীদের হামলায় পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত এবং দুই এসআইসহ চার পুলিশ আহত হয় বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মেহেদী মাসুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ইউনিয়ন পরিষদে তৃতীয় ধাপের নির্বাচনের জন্য পুলিশ বেসরকারি গাড়ি রিকুজিশন করতে গেলে সরকারি কাজে বাধা দেওয়া হয়।

“এ সময় যুবলীগকর্মীদের হামলায় পুলিশের পিকআপ গাড়ি ভাংচুর ও দুই এসআইসহ চার পুলিশ আহত হয়েছে।”

আহত এসআই ফরিদ হোসেন ও শাজাহান মিয়া এবং কনস্টেবল খোরশেদ আলম ও কেবল চন্দ্র সরকারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান পরিদর্শক মেহেদী।

এ বিষয়ে তারাব পৌর যুবলীগের সভাপতি আব্দুল আউয়াল বলেন, “গাড়ি রিকুইজিশন করা হচ্ছে কেন- জিজ্ঞেস করলে পুলিশ এসে আমাকে বক্সে নিয়ে বসিয়ে রাখে।

“খবর পেয়ে আমার কয়েকশ’ কর্মী-সমর্থক ছুটে এসে বিক্ষোভ করে।”

পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুরের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, “কয়েকশ’ লোক উত্তেজিত হওয়ায় কেউ কেউ ইট-পাটকেল ছুড়ে থাকতে পারে।”

ট্রাফিক পুলিশের এএসপি বদরুল আলম মোল্লা বলেন, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য পুলিশ, বিজিবি, র‌্যাব ও ম্যাজিস্ট্রেটদের জন্য মাইক্রোবাস রিকুইজিশনে গেলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় আধ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে বলে জানান তিনি।