সিরাজগঞ্জে কিশোরীকে ‘ধর্ষণ’, মামলায় ৫ আসামি
সিরাজগঞ্জ সদরে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে।
উপজেলার ছোনগাছা ইউনিয়নের ভাটপিয়ারি এলাকায় বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে মামলায় অভিযোগ করা হয়।
অসুস্থ মেয়েটিকে (১৩) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিশোরীর বড় ভাই বলেন, ভাটপিয়ারী গ্রামের ভুট্টু খাঁর ছেলে রাসেলের সঙ্গে তার ছোট বোনের প্রেমের সর্ম্পক ছিল। বিয়ের প্রলোভনও দেখায় তাকে।
“বুধবার বিকালে তার বোনকে যমুনার চরে নিয়ে যায় রাসেল। সেখানে রাসেল ও তার চার বন্ধু একই গ্রামের ময়দান আলীর ছেলে সোহেল, সিদ্দিকের ছেলে নুরু, সুলতানের ছেলে নাজমুল হোসেন ও রাজ্জাক পালাক্রমে ধর্ষণ করে তাকে।”
মেয়টির ভাই বলেন, এরপর তারা তাকে সেখানে ফেলে পালিয়ে যায়। বৃহস্পতিবার ভোরে স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক আঞ্জুমান আরা বকুল দুপুরে বলেন, ‘নির্যাতিতা’ কিশোরীকে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। আরও কিছু পরীক্ষা করাতে হবে।
তাকে গাইনি ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সদর থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দুপুরে মেয়েটির ভাই বাদী হয়ে পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
