নারায়ণগঞ্জের ফিউচার এক্সেসরিজ সিলগালা
শুল্ক ফাঁকি ও বন্ডের অপব্যবহারের অভিযোগে নারায়ণগঞ্জে ফিউচার এক্সেসরিজ নামে একটি কারখানা সিলগালা করেছে শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তর।
বুধবার দুপুরে সদর উপজেলার ফতুল্লার ভুঁইগড় এলাকায় কারখানায় অভিযান চালিয়ে সিলগালা করা হয় বলে অধিদপ্তরের সহকারী কমিশনার জোবায়দা খানম জানান।
তিনি সাংবাদিকদের বলেন, ফিউচার এক্সেসরিজ ডুপ্লেক্স বোর্ড, ক্রিসনা বোর্ড, ডলফিন বোর্ড পেপার আমদানি করে। তারা বন্ড লাইসেন্সের শর্ত ভঙ্গ করে এক হাজার মেট্রিকটনের বেশি কাগজ আমাদানি করেছে।
“আমদানির অনুমোদন ৭৫ দশমিক ৮ মেট্রিকটন হলেও কারখানার গুদামে ১৫৬ ও কারখানায় ২৩ মেট্রিকটন পণ্য পাওয়া গেছে। আরও পণ্য খোলা বাজারে বিক্রির প্রমাণ পাওয়া গেছে।”
অতিরিক্ত পণ্য আমদানি ও শুল্ক বাবাদ আড়াই কোটি টাকা পরিশোধ না করার অপরাধে কারখানাটি সিলগালা করার পাশাপাশি আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে এই কর্মকর্তা জানান।
