২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেট্রোলের আগুনে দগ্ধ সেই হাসান মারা গেলেন

সাবেক শ্বশুর বাড়িতে সালিশের সময় পেট্রোলের আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন আবু হাসান ছয় দিন পর মারা গেছেন।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2016, 07:05 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

বুধবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান জয়পুরহাট সদর থানার ওসি ফরিদ হোসেন।

নিহত আবু হাসান (৪০) নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশ বাড়ি গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে। জয়পুরহাট সদর উপজেলার ভাদসা গ্রামে তার সাবেক শ্বশুরের বাড়ি।

এ ঘটনায় নিহতের মা হালিমা খাতুন বাদী হয়ে হাসানের সাবেক স্ত্রী, স্ত্রীর বর্তমান স্বামী উজ্জ্বলসহ কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেছেন।

ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, আবু হাসানের সাবেক স্ত্রী হাসানকে তালাক দিয়ে একই গ্রামের আব্দুর রশিদের ছেলে উজ্জ্বল হোসেন ওরফে ব্রিটিশ উজ্জ্বল নামে এক যুবককে বিয়ে করেন।

মামলার বরাত দিয়ে ওসি ফরিদ হোসেন বলেন, তালাকের পরও সাবেক স্ত্রীকে ‘পুনরায় বিয়ে করে সংসার করবেন’ বলে গত ১৫ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় হাসান তার সাবেক শ্বশুর বাড়ি যান এবং সেখানে উভয়পক্ষের লোকজন নিয়ে দরবার-সালিশে বসেন।

“সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে ‘আবু হাসানের সাবেক স্ত্রী ও তার দ্বিতীয় স্বামী উজ্জ্বল হোসেনসহ তাদের লোকজন আবু হাসানের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।”

স্থানীয়রা হাসানকে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে শুক্রবার রাতে তাকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

তবে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুব উল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আহত হাসান হাসপাতালে ভর্তির পর তাকে দগ্ধ হওয়ার কারণ জিজ্ঞাসা করা হলে প্রথমে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছিলেন।

“আহতর আত্মীয়-স্বজনরা দেখতে আসার পর হাসপাতালে পুলিশ আসলে হাসান অভিযোগ করেন- তার সাবেক স্ত্রী ও তার বর্তমান স্বামী উজ্জ্বলসহ তাদের লোকজন তার শরীরে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে।”

পুরনো খবর:

শ্বশুরবাড়ির সালিশে জামাতার গায়ে ‘পেট্রোল ঢেলে’ আগুন