বৈঠক হলেও চালু হয়নি বরিশালের ৬ রুট
প্রশাসনের সঙ্গে বাস মালিক-শ্রমিকদের বৈঠক হলেও বরিশাল থেকে অভ্যন্তরীণ ছয়টি রুটে বাস চলাচল দ্বিতীয় দিনেও বন্ধ রয়েছে।
পরিবহন শ্রমিকদের মধ্যে এক মারামারিকে কেন্দ্র করে সোমবার বাস চলাচল বন্ধ হয়ে রয়েছে।
মঙ্গলবার বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) আবু রায়হান মো. সালেহ জানান, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, ঝালকাঠীর পুলিশ সুপার, ঝালকাঠী ও রূপাতলী বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতাদের নিয়ে বৈঠক হয়েছে।
বৈঠকে বিকেল থেকে বাস চালানোর ব্যাপারে তারা সবাই একমত হয়েছেন বলে দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।
তবে ঝালকাঠী বাস মালিক সমিতির সভাপতি সরদার মো. শাহ আলম জানান, প্রশাসনের সিদ্ধান্ত মানতে নারাজ শ্রমিকরা। তারা খুবই উত্তেজিত।
‘তবে তাদের বোঝানোর চেষ্টা চলছে।’
নির্ধারিত সময়ে বাস টার্মিনাল ছেড়ে না যাওয়াকে কেন্দ্র করে রোববার বিকেলে সোনার বাংলা পরিবহনের শ্রমিক রাসেলের সাথে সজিব রোম্মান পরিবহনের শ্রমিক শামীমের মারামারি হয়।
‘সোনার বাংলা পরিবহন’ রূপাতলী এবং ‘সজিব রোম্মান পরিবহন’ ঝালকাঠী বাস মালিক সমিতির আওতাধীন।
ওই দিন সন্ধ্যায় সোনার বাংলা পরিবহন ঝালকাঠী পৌছলে সেখানকার পরিবহন শ্রমিকরা রাসেলসহ ৩ জনকে মারধর করে।
খরব পেয়ে ঝালকাঠী থেকে শ্রমিকরা বরিশালে আসলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ভাংচুর করা হয় রূপতলী মালিক সমিতির ‘রাতুল-রোহান’ নামে একটি বাস।
এরপর বরিশাল থেকে ঝালকাঠী, পিরোজপুর, ভান্ডারিয়া, মঠবাড়িয়া, পাথরঘাটা ও কাঠালিয়া রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
বরিশাল রূপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন জানান, তাদের পক্ষ থেকে বাস চলাচলের ব্যাপারে কোন বাধা নেই।
বিকেল ৩টায় ঝালকাঠী বাস মালিক সমিতি কার্যালয়ে বরিশাল-ঝালকাঠীর মালিক ও শ্রমিকরা আলোচনায় বসবে।
‘আশা করা যাচ্ছে বিকেল ৪টা থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে।’
