তনু হত্যা: বিচার দাবিতে মানববন্ধন ও সমাবেশ
কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুসহ সকল হত্যাকাণ্ডের বিচার দাবিতে কুমিল্লায় সমাবেশ ও মাববন্ধন হয়েছে।
সোমবার বিকাল ৪টায় শহরের পুবালি চত্বরে এই সমাবেশ ও মাববন্ধন হয়।
বাংলাদেশ ছাত্রইউনিয়ন কুমিল্লার যুগ্ম আহ্বায়ক আবু সাঈদের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কুমিল্লার সাধারণ সম্পাদক পরেশ কর, ত্যাল-গ্যাস-বন্দরসহ জাতীয় সম্পদ রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা মো. জাকির হোসেন, গণফ্রন্ট কুমিল্লার সমন্বয়ক মোতাহের হোসেন বাবুল, উদীচী কুমিল্লার সভাপতি ও সমাজ চেতনা মঞ্চের আহ্বায়ক মৃণাল কান্তি ঢালি, যুবইউনিয়ন কুমিল্লার সভাপতি একেএম মিজানুর রহমান কাউছার প্রমুখ।
সমাবেশে বক্তারা প্রশ্ন করেন, কাদের রক্ষায় তনুসহ অন্যান্য হত্যা-ধর্ষণের ঘটনায় তদন্ত ও বিচারকার্য বিলম্বিত করা হচ্ছে?
সেনানিয়ন্ত্রিত এলাকায় তনুকে ‘ধর্ষণের পর’ হত্যার ঘটনায় তদন্তকারী সংস্থাগুলো প্রায় এক মাসেও জড়িতদের গ্রেপ্তার কিংবা হত্যার রহস্য উদঘাটন করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
এ সময় সকল হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামী ২৫ এপ্রিল দেশব্যাপী অর্ধদিবস হরতাল সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
গত ২০ মার্চ কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী ও নাট্যকর্মী তনু ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকার মধ্যে খুন হন।
