হাওরে বজ্রপাতে দুই ভাইসহ নিহত ৩
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই ভাইসহ তিন জনের মৃত্যু হয়েছে।
সোমবার বিকালে উপজেলার গুঙ্গিয়াজুরী হাওরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান।
নিহতরা হলেন বানিয়াচং উপজেলার কামালখানি গ্রামের মদা উল্লাহর ছেলে জুয়েল, নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামের আব্দুল আজলের ছেলে আব্দুল লালিম ও অলি।
স্থানীয়দের বরাত দিয়ে এএসপি মাসুদুর বলেন, সোমবার বিকালে ধান কাটার সময় বজ্রপাতে আহত হন আব্দুল লালিম ও অলি। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আর হাওর থেকে ট্রলিতে করে ধান আনার সময় বজ্রপাতে নিহত হন জুয়েল।
