২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শর্ত দিয়ে কাজে ফিরলেন রামেকের শিক্ষানবিশ চিকিৎসকরা

‘লাঞ্ছনার’ ঘটনায় জড়িত পুলিশের অপসরণসহ পাঁচ দফা দাবি পূরণে তিন দিন সময় বেঁধে দিয়ে কাজে যোগ দিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজশাহী অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2016, 01:36 AM

Updated : 20 Aug 2022, 12:28 PM

রোববার দুপুর আড়াইটা থেকে তারা কাজ শুরু করেন বলে জানিয়েছেন শিক্ষানবিশ চিকিৎসক পরিষদের আহ্বায়ক হৃদয়।

শুক্রবার দুপুরে হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে শিক্ষানবিশ চিকিৎসকদের হাতাহাতি হয়। প্রতিবাদে একদল শিক্ষানবিশ চিকিৎসক বিক্ষোভ করে জরুরি বিভাগে ভাঙচুর চালান। এসময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

পরে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে লাঞ্ছনার অভিযোগ এনে ৫ দফা দাবি আদায়ে কর্মবিরতি শুরু করেন শিক্ষানবিশ চিকিৎসকরা।

তাদের দাবির মধ্যে রয়েছে শিক্ষানবিশ চিকিৎসককে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত পুলিশের অপসরণ, তাদের নিরাপত্তা নিশ্চিত করা ও যে রোগীর মৃত্যু নিয়ে এ ঘটনা তাদের স্বজনদের ক্ষমা চাওয়া।

শিক্ষানবিশ চিকিৎসক পরিষদের আহ্বায়ক বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে আমরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছি।

“তিন দিনের মধ্যে আমাদের পাঁচ দফা দাবি পূরণ না হলে ২১ এপ্রিল থেকে লাগাতার কর্মবিরতিতে যাওয়া হবে।”

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম রফিকুল হক বলেন, শিক্ষানবিশ চিকিৎসকদের পাঁচ দফা দাবি পূরণে অগ্রগতি হওয়ায় তারা তিন দিনের সময় বেঁধে দিয়ে কাজে যোগ দিয়েছেন।

তাদের যেন আর কর্মবিরতিতে যেতে না হয় সেজন্য দাবিগুলো পূরণের চেষ্টা চলছে বলে জানান তিনি।

পুরনো খবর:

রাজশাহী মেডিকেলে শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি