২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী মেডিকেলে শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে লাঞ্ছনার অভিযোগ তুলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা কাজ বন্ধ করে দিয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2016, 07:26 PM

Updated : 12 Apr 2022, 01:51 AM

তবে জরুরি বিভাগে কাজ অব্যাহত রাখবেন বলে তারা শুক্রবার বিকালে ঘোষণা দেন।

শুক্রবার দুপুরে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে বোয়ালিয়া থানার টিকাপাড়ার মোশাররফ হোসেন খানের (৬০) মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এরপর একজন চিকিৎসক ও একজন শিক্ষানবিশ চিকিৎসককে মারধর করেন রোগীর স্বজনরা। ওই সময় দুপক্ষের সংঘর্ষ শুরু হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

মোশাররফ হোসেনের ছোট ভাইয়ের স্ত্রী হালিমা বেগম বলেন, মোশারারফকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে অপারেশন করানোর পর অবস্থার অবনতি হলে গত ৯ এপ্রিল তাকে রাজশাহী মেডিকেলের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

তিনি বলেন, সেখানেও আশানুরূপ ফল না পাওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। শুক্রবার রোগীকে ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলার প্রস্তুতি চলছিল।

“ওই সময় রোগীর অবস্থা খারাপ হয়ে গেলে সেখানে কর্তব্যরত ডা. সুব্রত রোগীকে একটি ইনজেকশন দেন। এরপরই তার মৃত্যু হয়।”

ইন্টার্নি (শিক্ষানবিশ) চিকিৎসক পরিষদের আহ্বায়ক হৃদয় সাংবাদিকদের বলেন, রোগীর মৃত্যুর পর স্বজনরা কর্তব্যরত চিকিৎসক সুব্রত ও ইন্টার্নি চিকিৎসক আরিফকে লাঞ্ছিত করেন।

“ইন্টার্নি চিকিৎসকরা শান্তিপূর্ণভাবে বিষয়টির প্রতিবাদ জানাচ্ছিলেন। ওই সময় পুলিশ তাদের একজনকে মারপিট করেছে।”

তাদের ৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ওয়ার্ডে চিকিৎসা করবেন না বলে জানিয়ে দিয়েছেন।

তারে দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষানবিশ চিকিৎসককে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত পুলিশের অপসরণ, তাদের নিরাপত্তা নিশ্চিত করা, যে রোগীর মৃত্যু নিয়ে এ ঘটনা তাদের স্বজনদের ক্ষমা চাওয়া।

হৃদয় জানান, এ ঘটনার পর রাজশাহী মহানগর আওয়ামী লীগের কয়েকজন নেতা তাদের সঙ্গে আলোচনায় বসেছেন। কিন্তু সেখানে তাদের ৫ দফা দাবির ব্যাপারে কোনো সিদ্ধান্ত না হওয়ায় জরুরি বিভাগ বাদে হাসপাতালের সব ওয়ার্ডে তারা কর্মবিরতি অব্যাহত রাখার সিদ্ধান্ত বহাল রাখেন।

এদিকে রাজপাড়া থানার ওসি মাহবুবুর রহমান বলেন, লাঞ্ছিত হওয়ার খবর ইন্টার্নি চিকিৎসকদের মাঝে ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। পরে ইন্টার্নি চিকিৎসকদের একটি দল এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে জরুরি বিভাগের সামনে বিক্ষোভ শুরু করেন।

“তখন তাদের নিরস্ত করতে গেলে পুলিশের সঙ্গে ইন্টার্নি চিকিৎসকরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে পুলিশ সেখানে থেকে ইন্টার্নি চিকিৎসকদের তাড়িয়ে দেয়।”

এরপর ইন্টার্নি চিকিৎসকরা আবার সেখানে ফিরে এসে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করেন এবং জরুরি বিভাগের জানালাসহ কিছু যন্ত্রপাতি ভাঙচুর করেন বলে দাবি করছেন ওসি মাহবুবুর।