গৃহবধূকে প্রকাশ্যে নির্যাতন, থানায় মামলা
নোয়াখালীর হাতিয়া উপজেলায় ‘চাঁদা না পেয়ে’ এক নারীকে প্রকাশ্যে পিটিয়ে আহত করেছে এক ব্যক্তি।
মো. শাহজাহান নামের ওই ব্যক্তি এবং নির্যাতনের শিকার শাহানারা বেগম (৩২) হাতিয়ার চরকৈলাশ গ্রামের বাসিন্দা।
এক সপ্তাহ আগের ওই ঘটনায় শুক্রবার শাহজাহানের বিরুদ্ধে হাতিয়া থানায় একটি মামলা করেছেন শাহানারা।
মামলায় অভিযোগ করা হয়, শাহজাহান থানায় ‘দালালির’ পাশাপাশি এলাকার মানুষজনের সুবিধা-অসুবিধার সুযোগ নিয়ে চাঁদাবাজি করে চলেন। ইতোপূর্বে শাহানারার কাছ থেকে শাহজাহান নানা অজুহাতে একাধিকার চাঁদা নিয়েছেন।
কিছুদিন আগে শাহানারা নোয়াখালী সদরের দরবেশ বাজারের কাছে ১৫ গণ্ডা জমি কেনেন। এরপর কয়েকদিন একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে ৩০ হাজার টাকা দাবি করেন ‘শাহজাহান’। কিন্তু শাহানারা চাঁদা দিতে অস্বীকার করেন বলে অভিযোগে বলা হয়।
মামলায় শাহানারার অভিযোগ, গত সোমবার তিনি ব্যাংক থেকে নেওয়া ঋণের তিন লাখ টাকা উত্তোলন করেন। পরে বাড়ি থেকে আরও ৫০ হাজার টাকা নিয়ে ওইদিন বিকালে উপজেলা সদরের ওছখালি বাজারের এক ব্যবসায়ীর কাছে রাখতে যাচ্ছিলেন।
“পথে চরকৈলাশের কলোনি সড়কে অতর্কিতে শাহজাহান পথরোধ করে গাছের ডাল দিয়ে এলোপাতাড়ি পেটাতে শুরু করেন।”
পেটানোর এক পর্যায়ে সড়কের পাশে গর্তে পড়ে গেলে তার কাছে থাকা টাকার ব্যাগ ও গলার স্বর্ণের চেইন শাহজাহান ছিনিয়ে নেন, শাহানারার অভিযোগ।
পরে আশপাশের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান বলে জানান তিনি।
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি ঢাকায় মেয়ের বাড়ি চলে গেছেন বলে জানান হাতিয়া থানার ওসি এটিএম আরিচুল হক।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ফারহানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই নারীর চোখের নিচেসহ পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সোমবার ভর্তি হয়ে তিনি মঙ্গলবার হাসপাতাল ছেড়েছেন।
এ ব্যাপারে শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার তার বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় শাহানারা তার স্কুল পড়ুয়া মেয়েকে এবং তাকে গালমন্দ করায় মাথা গরম হয়ে যায়।
এ সময় তিনি প্রথমে দুইটি কিল-ঘুষি, পরে গাছের ডাল দিয়ে দুই-তিনটি আঘাত করেন বলে স্বীকার করেন।
চাঁদা দাবি এবং শাহানারার কাছে থেকে সাড়ে তিন লাখ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করেন শাহজাহান।
থানায় দালালির ব্যাপারে তিনি বলেন, দালালি নয়, মাঝে-মধ্যে থানায় গিয়ে লোকজনের ফুটফরমায়েস শোনেন। এটিকে কেউ দালালি বললে তার কিছু করার নেই।
এ ব্যপারে হাতিয়া থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, মামলার আসামি শাহজানকে ধরতে তার বাড়ি ও সম্ভাব্য সব জায়গায় অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
তিনিও শাহজানকে থানার দালাল বলে অস্বীকার করেন।
ওসি বলেন, “আমি যোগদানের পর থেকে এই থানায় কোনো দালালের অস্তিত্ব নেই। আগে কী ছিল তা আমার জানা নেই।”
