পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার
খুলনায় সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয় দিয়ে প্রতারণার সময় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে নগরীর স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান খুলনা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম।
গ্রেপ্তার এস এম নাফিউল সাফিন (২৭) রাজশাহীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুরের মোস্তা গাউসুল হকের ছেলে।
ওসি বলেন, “শুক্রবার রাতে থানায় এসে রাজধানীর উত্তরা জোনের বিশেষ শাখার (এসবি) এএসপি পরিচয় দিয়ে স্টেডিয়াম এলাকায় এক ব্যক্তির কাছে কিছু টাকা পাবেন জানিয়ে সহযোগিতা চান সাফিন। পরে এসআই হোসেন আল মাহবুবকে তার সঙ্গে পাঠানো হয়।
“পরে ওই দোকানে গিয়ে দোকানদারকে গালিগালাজ করতে থাকেন তিনি। এতে এসআই মাহবুবের সন্দেহ হলে তিনি আমাকে বিষয়টি জানান।”
ঘটনাস্থলে গিয়ে এসবি অফিসে যোগাযোগ করলে তারা এই নামে কোনো কর্মকর্তা নেই বলে জানালে সাফিনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।
