মাদারীপুরে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৬
ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মাদারীপুরের মস্তফাপুরে জয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থক আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
শুক্রবার সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে মাদারীপুর মডেল থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান।
গুলিবিদ্ধ বাদল মীর (৩০), শাহ আলম (২৮), আরিফ হাওলাদার (৩০), শওকত হাওলাদার (৩২), জুয়েল মল্লিক (২৯) ও সাইফুল ইসলামকে (৩১) ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জিয়াউল বলেন, গত ৩১ মার্চ দ্বিতীয় ধাপের ভোটে মস্তফাপুরে আওয়ামী লীগের প্রার্থী কুদ্দুস মল্লিক ৩৫০ ভোটে বিদ্রোহী প্রার্থী সোহরাব খানকে পরাজিত করেন।
সোহরাব অভিযোগ করে আসছেন, কুদ্দুস মল্লিক জাল ভোটের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ নিয়ে ভোটের দিনও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
ওসি বলেন, “সেই কোন্দলের জেরে আজ দুপুরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয়পক্ষের পাঁচজন গুলিবিদ্ধ হন।আমবাড়ী গ্রামের ১০টি বাড়িতে ভাংচুরও চালানো হয়।”
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠানো হয় বলে জানন ওসি।
তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে সংঘর্ষের বিষয়ে বিবাদমান দুই পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
