২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশাখে ঘুরতে গিয়ে লাশ হলেন দুই কলেজছাত্র

পহেলা বৈশাখে মোটরসাইকেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই যুবক।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2016, 06:09 PM

Updated : 20 Aug 2022, 12:27 PM

বৃহস্পতিবার বিকালে গাজীপুরের কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে উত্তরা ফিলিং স্টেশনের পাশে মুনসুরপুরে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাজীপুর সদরের মাধববাড়ীর সোলেমান হোসেনের ছেলে সৌরভ (২৫) এবং উত্তর ছায়াবীথীর শাকিল মিয়ার ছেলে নিমন (২০)। 

তারা টঙ্গী সফিউদ্দিন একাডেমি এন্ড কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আজিজুর রহমান জানান, গাজীপুর সদর থেকে দুটি মোটরসাইকেল নিয়ে চার বন্ধু ঘুরতে আসেন কালীগঞ্জ উপজেলায়।

“বিকালে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মুনসুরপুরে নিয়নসহ সৌরভের বেপরোয়া গতির মোটরসাইকেলটির সঙ্গে উত্তরা ফিলিং স্টেশনের পাশে একটি কালভার্টের পিলারের সাথে ধাক্কা লাগে।

“এতে ঘটনাস্থলে সৌরভ নিহত হন এবং গুরুতর অবস্থায় নিমনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।”

এসআই আজিজুর জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. আশরাফুল ইসলাম উন্নত চিকিৎসার জন্য নিমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নিমনের মৃত্যু হয় বলে জানান তিনি।

মরদেহ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।