বুড়িগঙ্গায় লঞ্চ থেকে আড়াই মে. টন জাটকা উদ্ধার
নারায়ণগঞ্জের বুড়িগঙ্গা নদীতে পৃথক অভিযানে তিনটি লঞ্চ থেকে আড়াই হাজার কেজি জাটকা ও দেড় হাজার কেজি পলিথিন জব্দ করেছেন কোস্টগার্ড।
বুধবার ভোরে অভিযান চালিয়ে জাটকা ও পলিথিন উদ্ধার করা হয়।
কোস্টগার্ড পাগলা স্টেশনের কমান্ডার লে. কমান্ডার সায়ীদ এম কাসেদ জানান, বুধবার ভোর ৪টায় ‘রিয়াদ-৩, কাজল-৭ ও আঁচল-৫’ নামে ৩টি যাত্রীবাহী লঞ্চ থেকে মালিকবিহীন অবস্থায় আড়াই হাজার কেজি জাটকা উদ্ধার করা হয়।
‘জাটকার আনুমানিক দাম সাড়ে সাত লাখ টাকা।’
উদ্ধার জাটকাগুলো জেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে, ‘পরিবেশ সুরক্ষা অভিযান’ উপলক্ষে সকাল সাড়ে ৮টায় বুড়িগঙ্গা নদীর পানগাঁও এলাকায় অভিযান চালিয়ে ‘এমভি ভোলা’ ও ‘এমভি শিশু’ নামে দুটি যাত্রীবাহী লঞ্চ থেকে মালিকবিহীন অবস্থায় দেড় হাজার কেজি পলিথিন জব্দ করা হয়।
এগুলো পরিবেশ কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ফেলে বলে জানান তিনি।
