২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়া পরিশোধ নিয়ে গার্মেন্টসে দুপক্ষের হাতাহাতি

এক মাসের বকেয়া বেতন ও অতিরিক্ত কর্মঘণ্টার বকেয়া পরিশোধের দাবিতে সাভারের একটি পোশাক কারখানা কর্তপক্ষের লোকজনের সঙ্গে শ্রমিকদের হাতাহাতির ঘটনা ঘটেছে। 

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 03:00 PM

Updated : 20 Aug 2022, 12:26 PM

বুধবার সকালে সাভার সদর ইউনিয়নের জিনজিরা এলাকার ‘সিপিএম কম্পোজিট নিট প্রাইভেট লিমিটেড’ কারখানায় এ ঘটনা ঘটে বলে শিল্প পুলিশ-১ সাভার জোনের এএসআই মুকুল মোহন কুণ্ডু জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মঙ্গলবার শ্রমিকদের মার্চ মাসের বকেয়া বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি।
“সকালে শ্রমিকরা কারখানায় এসে বিক্ষোভ শুরু করলে মালিকপক্ষ বিকালের মধ্যে বকেয়া পরিশোধের আশ্বাস দেয়; কিন্তু শ্রমিকরা তাৎক্ষণিক তাদের পাওনা দাবি করে।”

এএসআই মুকুল বলেন, ওই সময় মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের হাতাহাতি হলে কয়েকজন শ্রমিক আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে মালিকপক্ষের সঙ্গে আলোচনায় বিকালের মধ্যে বকেয়া পরিশোধের আশ্বাস পেয়ে শ্রমিকরা কারখানা এলাকা থেকে বেরিয়ে যায়।

এ প্রসঙ্গে সিপিএম কম্পোজিট নিট প্রাইভেট লিমিটেড কারখানার কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করলে তারা কেউ কথা বলতে রাজি হননি।