২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অপহরণের’ পর বস্তাবন্দি শিশুর লাশ, গ্রেপ্তার ১

‘অপহরণের’ একদিন পর দিনাজপুরের হাকিমপুরে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে, যে হত্যার কথা স্বীকার করেছে বলে পুলিশ বলছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 12:12 PM

Updated : 12 Apr 2022, 01:50 AM

মঙ্গলবার রাতে উপজেলার মুহাড়াপাড়া গ্রাম থেকে আফতাহিরা মনি (৪) নামের ওই শিশুর লাশ উদ্ধার করা হয় বলে হাকিমপুর থানার পরিদর্শক একরামুল কবির জানিয়েছেন।

মনি মুহাড়াপাড়া গ্রামের মামুনুর রশিদ আজাদের ছেলে। সোমবার নিখোঁজ হয় সে।

গ্রেপ্তার সামিউল ইসলাম (১৮) ওই গ্রামের গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পরিদর্শক একরামুল কবির জানান, সোমবার বিকালে বাড়ির পাশে খেলা করতে গিয়ে নিখোঁজ হয় মনি। পরে কে বা কারা মনির বাবার কাছে মোবাইল ফোনে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

“মঙ্গলবার রাতে মনির বাড়ির পাশে প্রতিবেশীরা বস্তায় তার লাশ দেখে থানায় খবর দেয়।”

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান তিনি।

পুলিশ কর্মকর্তা একরামুল আরও বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে মঙ্গলবার রাতে হাড়াপাড়া গ্রাম থেকে সামিউলসহ ৭-৮ জনকে আটক করা হয়। পরে সামিউল একাই এই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করলে বাকিদের ছেড়ে দেওয়া হয়।

“মনিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে সামিউল পুলিশকে জানিয়েছে।”

তবে কেন মনিকে হত্যা করা হয়েছে সে বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ।

এদিকে সামিউলকে আটকের পর বিক্ষুদ্ধ গ্রামবাসী তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিভিয়ে ফেলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান একরামুল।