দিনে মোটে ৩০ মিনিট বিদ্যুৎ, কৃষকদের বিক্ষোভ
দিনে মোটে ৩০ মিনিট বিদ্যুৎ সরবরাহের অভিযোগে অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছে নীলফামারীর ডোমার উপজেলার কৃষকেরা।
সরজমিনে দেখা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার জোড়াবাড়ি ও কেতকীবাড়ি ইউনিয়নের কয়েক শ কৃষক বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ডোমার বিতরণ ও বিপণন কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ দেখায়।
বিদ্যুৎ অফিসে দায়িত্বশীল কোনো কর্মকর্তা না থাকায় তারা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে।
কেতকীবাড়ি ইউনিয়নের কৃষক আজিজুল হক অভিযোগ করেন, “আমার ইউনিয়নে ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ৩০ মিনিট বিদ্যুৎ সরবরাহ করে বিদ্যুৎ বিভাগ। আবার কোনো কোনো দিন বিদ্যুৎবিহীনও থাকতে হয়।”
জোড়াবাড়ি ইউনিয়নের কৃষক নূর আলম অভিযোগ করেন, “এখন বোরো মৌসুম চলছে। ২৪ ঘণ্টাই জমিতে সেচ দেওয়া প্রয়োজন। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ৩০ মিনিট বিদ্যুৎ পাই আমরা। এ দিয়ে জমিতে সেচ দেওয়া সম্ভব হয় না।”
বিদ্যুৎ বিভাগের এমন আচারণে বোরো ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে বলে আরও অভিযোগ করেন একই ইউনিয়নের কৃষক মজিদুল হক ও মজিবর রহমানসহ অনেকে।
পরে ইউএনও সাবিহা সুলতানা বিক্ষোভকারীদের বিদ্যুতের সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা ফিরে যায়।
এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ডোমার বিক্রয় ও বিপণন বিভাগের প্রকৌশলী আব্দুল মতিন বলেন, কৃষকরা যে অভিযোগ করেছে তা সত্য নয়।
তবে অভিযোগের স্বীকৃতি মেলে তার বক্তব্যে “ডোমার উপজেলায় সেচ মৌসুমে ১২ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও বর্তমানে ৭ মেগাওয়াট পাওয়া যাচ্ছে। সন্ধ্যায় আবার মাত্র ৪ মেগাওয়াট পাওয়া যায়, যা মোট চাহিদার তিন ভাগের এক ভাগ।”
এছাড়া সৈয়দপুর থেকে নীলফামারী পর্যন্ত প্রধান লাইনের অবস্থা নাজুক বলে তিনি জানান।
১০ বছর আগে সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিএনপি-জামায়াত জোট সরকার আমলে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে আন্দোলন গড়ে উঠলে তা দমনে পুলিশের গুলি চলে। ২০০৬ সালের কয়েক মাসের আন্দোলনে ১৭ জন নিহত হলে পরিস্থিতি বিস্ফোরণোম্মুখ হয়ে উঠলে কানসাটবাসীর দাবি মেনে তাদের সঙ্গে সমঝোতা চুক্তি করে পরিস্থিতি সামাল দিতে হয় সরকারকে।
