কলেজছাত্রকে ‘আইনশৃঙ্খলা বাহিনীর’ তুলে নেয়ার অভিযোগ
নীলফামারীতে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর পরিচয়ে এক কলেজছাত্রকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার বিকালে নূরে আলমের (২২) মা নুর নাহার বেগম একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানান সদর থানার ওসি মো. শাহাজাহান পাশা।
নূরে আলম শহরের উকিলের মোড় এলাকার মৃত আব্দুল কাদের বাউরার ছেলে। তিনি নীলফামারী সরকারি কলেজের স্নাতক (সম্মান) শেষ বর্ষের ছাত্র।
ওসি বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে।
নুর নাহার বেগম সাংবাদিকদের বলেন, সোমবার রাত দেড়টার দিকে বাড়িতে ২০/৩০ লোক এসে নিজেদের আইনশৃঙ্খলারক্ষাকারী প্রশাসনের লোক বলে পরিচয় দেয়।
“পরে তারা আমার ছেলে নূরে আলমকে তাদের গাড়িতে উঠায়। কোথায় নিয়ে যাচ্ছে জিজ্ঞাসা করলে- তারা বলে ২০ মিনিট পর আপনার ছেলেকে ফিরিয়ে দিয়ে যাব।”
এ বিষয়ে নীলফামারী থানায় ফোন করে কথা বলতে চাইলে তারা মোবাইল ফোন কেড়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
নুর আলমের মা বলেন, “সকালে আমরা নীলফামারী থানা ও নীলফামারী র্যাব-১৩ ক্যাম্পে যোগাযোগ করা হলে তারা এ ব্যাপারে কিছুই জানে না বলে জানায়।
নুর আলম কোনো রাজনৈতিক দল বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গ জড়িত নয় বরে দাবি করেন তিনি।
