ঝালকাঠিতে যুব মহিলা লীগের সম্মেলনে সংঘর্ষ
ঝালকাঠির রাজাপুরে উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সম্মেলনে দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় নব ঘোষিত কমিটির সভাপতি নাসরিন সুলতানা মুন্নি ও পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার বিকালে উপজেলা অডিটরিয়াম ও উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে।
এ সম্মেলনের প্রধান বক্তা যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক ও ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সদস্য শারমিন মৌসুমী কেকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্মেলনের শেষের দিকে আমি বক্তব্য রাখছিলাম।
“বক্তব্যে রাজাপুর উপজেলা যুব মহিলা লীগের স্থানীয় নেত্রী নাসরিন সুলতানা মুন্নির নাম নতুন কমিটির সভাপতি হিসেবে ঘোষণা করি।
নাজনীন সুলতানা পাখির বয়স ৪০ বছরের বেশি উল্লেখ করে শারমিন মৌসুমী কেকা বলেন, “গঠণতন্ত্রে নিষেধ থাকলেও পাখিকে নতুন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হত।
“কিন্তু তার আগেই তার লোকজন বিশৃংখলা করে। আর এ কারণে কেন্দ্রীয় কমিটির সাথে আলাপ করে রাজাপুর উপজেলা মহিলা যুবলীগের কমিটি আপাতত স্থগিত করা হয়েছে।”
এ ব্যাপারে রাজাপুর থানার পরির্শক (ওসি অপারেশন) মুনীর উল গিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে যুব মহিলা লীগ নেত্রী নাজনীন সুলতানা পাখিকে আটক করে থানায় আনা হয়। পরে মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”
সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে কয়েকজন পুলিশ সদস্য সামান্য আহত হয়েছে বলে জানান পরিদর্শক মুনীর উল গিয়াস।
