২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘আ. লীগ নেতার’ হামলায় যুবক নিহত

ঢাকার সাভারে জমির বিরোধে ‘আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায়’ এক যুবক নিহত ও আটজন আহত হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 08:00 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

মঙ্গলবার দুপুরে সাভার সেটেলমেন্ট অফিসের সামনে এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে বলে মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানান।

নিহত রেজাউল করিম রাজু  (৩২) স্থানীয় রেডিও কলোনির নয়াবাড়ি মহল্লার নাজিম উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন জাপান প্রবাস জীবন কাটিয়ে দুই বছর আগে দেশে ফেরেন।

আহতরা হলেন রাজুর ভাই আব্দুস সালাম (২৮) এবং তাদের সঙ্গী নাজিমুদ্দিন, জিসান, আজিজ, সাগর, সোহরাব, ইয়ানুস ও হারুন। তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পৌর এলাকার জালেশ্বর মৌজায় আমাদের ৯ শতাংশ পৈতৃক সম্পত্তিতে আমরা পাঁচ ভাই মিলে কয়েকটি দোকান ঘর নির্মাণ করেছি, যার খাজনা, খারিজ ও জমির দখলসহ যাবতীয় কাগজপত্র আমাদের নামে।”

কয়েক দিন আগে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এরশাদুর রহমান জমিটির মালিকানা দাবি করেন বলে সালামের অভিযোগ।

তিনি বলেন, “এ বিষয়ে মঙ্গলবার আমরা সেটেলমেন্ট অফিসে শুনানির জন্য যাওয়ার সময় এরশাদ, মজিদ ও রিয়াজুলের নেতৃত্বে সুজন, রিপন, ইয়াছিন, রাজু, হাবুল্লা, শিপন, জীবন, রায়হান, সিরাজ, হামজা, মোফাজ্জলসহ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়।”

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন বলে ওসি কামরুজ্জামান জানান।

তিনি বলেন, “জমির বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় রাজু নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।”

আটককৃতরা হলেন হামজা, রিয়াজুল ও সাভার পৌর যুবলীগের সাবেক আহ্বায়ক মজিদুর রহমান মজিদ।

এরশাদুর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, “শুনেছি মারামারি হয়েছে। তবে কেউ মারা গেছে কিনা জানি না।”

তিনি ঘটনাস্থলে ছিলেন না বলে দাবি করেন।