উজানের ঢলে ব্রহ্মপুত্রে ভাঙন
উজানের ঢলে ব্রহ্মপুত্র নদে আকস্মিক পানি বৃদ্ধিতে গাইবান্ধায় ভাঙন দেখা দিয়েছে।
ফুলছড়ির ফজলুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নদী ভাঙনের কারণে চরবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।
এ সময় নদীর পানি বৃদ্ধিতে বিস্ময় প্রকাশ করে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী চন্দ্র শেখর বলেন, “এটা উজানের ঢলের পানি। তবে নদ স্বাভাবিক উচ্চতার চেয়েও নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় পানির প্রবাহ রেকর্ড করা হচ্ছে না।”
সরেজমিন দেখা যায়, ব্রহ্মপুত্রের পানি বাড়তে থাকায় ফুলছড়ি উপজেলার উড়িয়ার রতনপুর, কালাসোনা, উদাখালী ইউনিয়নের সিংড়িয়া, গজারিয়ার গলনা, কামারপাড়া, জিয়াডাঙ্গা, কঞ্চিপাড়া ইউনিয়নের রসুলপুর, পূর্ব কঞ্চিপাড়া, জোড়াবাড়ি, সাতারকান্দি গ্রামেও নদী ভাঙন দেখা দিয়েছে।
উত্তর খাটিয়ামারী গ্রামের আব্দুল জোব্বার বলেন, “নদী ভাঙনের কবলে পরি প্রত্যেক বছরেই হামার ঘরবাড়ি সড়াতে সড়াতে নিঃস্ব হয়্যা গেনু। তাও রাক্ষসী গাঙ্গের প্যাটের ক্ষিদ্যা মেটে না।
“আর সরকারও ক্যানা (কেন) এর কোন বিহিত ব্যবস্থা করে না?”
ফজলুপুর ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদিন জানান, এর আগে কখনও চৈত্র মাসে এভাবে নদী ভাঙন দেখা যায়নি। কিন্তু এবারে পরিস্থিতি ভিন্ন ।
“প্রায় ১৫টি পয়েন্টে এখন নদী ভাঙন চলছে। গত এক সপ্তাহে ওই ইউনিয়নের চন্দনস্বর, উত্তর খাটিয়ামারী, পূর্ব খাটিয়ামারী, পশ্চিম খাটিয়ামারী, কুচখালী, নিশ্চিন্তপুর ও কাউয়াবাঁধা গ্রামের ৭৫টি পরিবার নদী ভাঙনের মুখে বাড়িঘর অন্যত্র সরাতে বাধ্য হয়েছে।”
বেশকিছু আবাদি জমি, গাছপালাও নদী গর্ভে বিলীন হয়ে গেছে বলে জানান তিনি।
ইউপি চেয়ারম্যান বলেন, “উত্তর খাটিয়ামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর খাটিয়ামারী নুরানী হাফিজিয়া মাদ্রাসা অন্যত্র সরিয়ে নিতে হয়েছে। ২০১০ সালে নির্মিত ফজলুপুর ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের দ্বিতল ভবনটি নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।”
ফুলছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আবু সাঈদ সরকার বলেন, “নদী ভাঙনের কারণে ওই দুইটি শিক্ষা প্রতিষ্ঠান স্থানান্তর করায় কয়েকশ’ শিক্ষার্থীর লেখাপড়া প্রায় বন্ধ হয়ে পড়েছে।
“এছাড়া গৃহহীন পরিবারগুলো খোলা আকাশের নিচে এখন মানবেতর জীবন যাপন করছে।”
তিনি জানান, এছাড়া ব্রহ্মপুত্রের পানি বাড়তে থাকায় ফুলছড়ি উপজেলার উড়িয়ার গজারিয়ার কঞ্চিপাড়া ইউনিয়নের কয়েকটি গ্রামেও নদী ভাঙন দেখা দিয়েছে।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার জানান, ভাঙন এলাকা পরিদর্শন করে তারা করণীয় ঠিক করবেন।
