২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে আ .লীগ নেতার ইটভাটায় আটক ১৩ শ্রমিক উদ্ধার

বরিশালের বানারীপাড়ায় একটি ইটভাটায় আটক রাখা ১৩ শ্রমিককে উদ্ধার করেছে র‌্যাব। ওই সময় ইটভাটার দুই কর্মচারীকে আটকও করা হয়।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 05:24 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

সোমবার দুপুরে উপজেলার আওয়ামী লীগের সাবেক সহসভাপতি তাজেম হাওলাদারের মালিকানাধীন তাজেম ব্রিকসে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে র‌্যাব-৮ এর একটি দল।

আটকরা হলেন তাজেম ব্রিকসের ম্যানেজার মো. মিলন (২৮) ও শ্রমিক মো. কবির (২৬)।

র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, পাঁচ মাস আগে তাজেম ব্রিকসে কাজ নেয় সাতক্ষীরার ১৩ শ্রমিক।

“গত তিন মাস ধরে তাদের কোনো মজুরি দেওয়া হচ্ছে না। মজুরি চাইতে গেলে তাদের উপর চালানো হয়েছে নির্যাতন।

“এমন খবর পেয়ে র‌্যাব ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পায়।”

এ ঘটনায় মামলা হবে বলেও জানান মেজর আদনান।

উদ্ধার শ্রমিকরা সবাই সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাঠি গ্রামের বাসিন্দা।

এরা হলেন খলিল খাঁ, সোহেল খাঁ, হাদিম খাঁ, আব্দুল মজিদ গাজী, সিরাজ গাজী, কামরুল ইসলাম, মুসা সরদার, নুপুর সরদার, গফুর সরদার, আফজাল হোসেন, রফিকুল বিশ্বাস, কালাম মোড়ল ও মাহাবুর রহমান।