তনু হত্যা: ঘটনাস্থলে সিআইডির ডিআইজি
কলেজছাত্রী সোহাগী জাহান তনুর লাশ পাওয়ার স্থান পরিদর্শন করেছেন সিআইডির উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মাহবুব মোহসিন।
রোববার দুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে তনুর মা-বাবার সঙ্গে কথা বলেন।
এছাড়া বিকালে সিআইডি কার্যালয়ে প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ করেন তিনিসহ অন্য সিআইডি কর্মকর্তারা।
সিআইডির কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের বিশেষ পুলিশ সুপার মো. নাজমুল করিম খান একথা নিশ্চিত করেন।
তিনি বলেন, তনুর হত্যার স্থানটি পরিদর্শন করে ডিআইজি মাহবুব মোহসিন তনুর বাবা ইয়ার হোসেন, মা আনোয়ারা বেগমসহ কয়েকজন স্বজনের সঙ্গে কথা বলেছেন।
তিনি জানান, সেখান থেকে দুপুরের পর সিআইডি কার্যালয়ে ফিরে আসেন। সেখানে প্রথম ময়নাতদন্তকারী ফরেনসিক বিভাগের ডাক্তার শারমিন সুলতানা ও বিভাগীয় প্রধান কামদা প্রসাদ সাহাকে তাদের ময়নাতদন্তের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন।
গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় নিজের বাড়ির কয়েকশ গজের মধ্যে ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনুর লাশ পাওয়া যায়। তাকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল বলে পুলিশের ধারণা।
প্রথম দফা ময়নাতদন্তের প্রতিবেদনে ধর্ষণের আলামত না মেলার কথা বলা হলেও কবর থেকে লাশ তুলে ইতোমধ্যে দ্বিতীয় দফা ময়নাতদন্ত করা হয়েছে আদালতের নির্দেশে।
এ ঘটনায় তনুর বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ইয়ার হোসনের করা মামলাটি প্রথমে থানা পুলিশ তদন্ত শুরু করলেও ২৫ মার্চ ডিবিকে দায়িত্ব দেওয়া হয়। এরপর ৩০ মার্চ মামলাটি আবার সিআইডিতে হস্তান্তর করা হয়।
কিন্তু হত্যাকাণ্ডের ২১ দিন পরও এখন পর্যন্ত সন্দেহভাজন কাউকে পুলিশ গ্রেপ্তার করতে না পারায় প্রতিদিনই বিক্ষোভ-মানববন্ধন চলছে দেশের বিভিন্ন স্থানে।
