২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তনু হত্যা: সেনা সদস্যসহ ৫ জনকে জিজ্ঞাসাবাদ

কলেজছাত্রী তনু হত্যার ঘটনায় কুমিল্লায় তিন সেনা সদস্যসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2016, 03:02 PM

Updated : 11 Oct 2022, 08:04 PM

কুমিল্লা সিআইডির বিশেষ সুপার মো. নাজমুল আলম খান শুক্রবার সাংবাদিকেদের জানান,  “বৃহস্পতিবার ৪টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত মিলিটারি পুলিশের তিন সদস্যকে সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ।”

এরপর শুক্রবার সকালে তনুর এক বান্ধবী এবং তনুর ভাইয়ের এক বন্ধুকে জিজ্ঞাসাবাদের কথা জানালেও কারও নাম তিনি প্রকাশ করেননি। 

গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় নিজের বাড়ির কয়েকশ গজের মধ্যে ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনুর লাশ পাওয়া যায়। তাকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল বলে পুলিশের ধারণা।  

Image
নাজমুল আলম খান

নাজমুল আলম খান

প্রথম দফা ময়নাতদন্তের প্রতিবেদনে ধর্ষণের আলামত না মেলার কথা বলা হলেও কবর থেকে লাশ তুলে ইতোমধ্যে দ্বিতীয় দফা ময়নাতদন্ত করা হয়েছে আদালতের নির্দেশে।

এ ঘটনায় তনুর বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ইয়ার হোসনের করা মামলাটি প্রথমে থানা পুলিশ তদন্ত শুরু করলেও ২৫ মার্চ ডিবিকে দায়িত্ব দেওয়া হয়। এরপর ৩০ মার্চ মামলাটি আবার সিআইডিতে হস্তান্তর করা হয়।

কিন্তু হত্যাকাণ্ডের ১৯ দিন পরও এখন পর্যন্ত সন্দেহভাজন কাউকে পুলিশ গ্রেপ্তার করতে না পারায় প্রতিদিনই বিক্ষোভ-মানববন্ধন চলছে দেশের বিভিন্ন স্থানে। 

জিজ্ঞাসাবাদে নতুন কোনো তথ্য মিলেছে কিনা জানতে চাইলে স্পষ্ট কোনো উত্তর দেননি সিআইডির বিশেষ সুপার নাজমুল আলম। তিনি বলেছেন, ‘সব দিক বিবেচনা করে’ সবোর্চ্চ চেষ্টাই তারা করছেন।