২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘যৌতুকের টিভি না পেয়ে’ অন্তঃস্বত্তা গৃহবধূকে হত্যা

জয়পুরহাট সদরে ‘যৌতুকের টিভি না পেয়ে’ অন্তঃস্বত্তা এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও পরিবারের বিরুদ্ধে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2016, 12:41 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

শনিবার রাতে উপজেলার ভাদসা-কোচনাপুর গ্রামে শ্বশুরবাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধারের কথা জানান জয়পুরহাট সদর থানার ওসি ফরিদ হোসেন।

নিহত রিমা আক্তার (১৮) একই উপজেলার ভাদসা-চকজগদিশপুর গ্রামের মাদেসুর রহমানের মেয়ে।

এ ঘটনায় রিমার স্বামী আবু হাসান (২২), শ্বশুর আব্দুল আলীম (৪৫) ও শাশুড়ি পলি বেগমকে (৪০) আটক করেছে পুলিশ।

রিমার বড় ভাই হাসান আলী বলেন, গত বছর হাসানের সঙ্গে রিমার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে হাসান ও তার বাড়ির লোকজন রিমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো।

“শনিবার হাসানকে একটি টেলিভিশন কিনে দেওয়ার কথা ছিল। কিন্তু আর্থিক সংকটে তা কিনে দেওয়া সম্ভব হয়নি। এর জেরে রিমার সঙ্গে হাসানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিমাকে শ্বাসরোধ করে হত্যা করে।”

রিমা তিন মাসের অন্তঃস্বত্তা ছিল বলেও জানান তিনি।

ওসি বলেন, খবর পেয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় রিমার বড় ভাই হাসান আলী বাদী হয়ে মামলা করেছেন।