কটেজে পর্যটকের মৃতদেহ
কক্সবাজার শহরের কলাতলীর হোটেল-মোটেল এলাকার এক আবাসিক কটেজ থেকে গলায় ফাঁস লাগানো পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় সুগন্ধা পয়েন্টের ফাহিমা কটেজ থেকে পিন্টু দের (২৫) মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী।
পিন্টু চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার রাবার বাগান এলাকার মিলন দে’র ছেলে।
পরিদর্শক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কটেজ কর্তৃপক্ষের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৈদ্যুতিক পাখার সাথে গলায় গামছা প্যাঁচানো মৃতদেহ উদ্ধার করে।
“এ সময় ওই কক্ষে ‘পিন্টুর হাতে লেখা’ চিরকুট ও একটি মোবাইল পাওয়া যায়। চিরকুটে পিন্টু উল্লেখ করেছেন, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। মৃত্যুর বিষয়টি পরিবারকে না জানিয়ে কক্সবাজারে লাশ সৎকার করতে বলেছেন তিনি। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা চিরকুটে উল্লেখ করেননি।”
কটেজের ব্যবস্থাপক জামশেদ আলম বলেন, “গত ৮ এপ্রিল বিকেলে ওই পর্যটক নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়ে কক্ষ ভাড়া নেন। শনিবার বেলা ১২টার দিকে রুম চেক-আউট করার সময় ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দীর্ঘক্ষণ অপেক্ষার পর সন্দেহ হলে বিকালে জানালার ফাঁক দিয়ে ভিতরের অবস্থা দেখা হয়।”
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর পাশাপাশি পিন্টুর স্বজনদের সাথে যোগাযোগ করা হয়েছে বলে পরিদর্শক বখতিয়ার জানিয়েছেন।
