নৌকা সমর্থক ‘ছিঁড়ল’ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ঢুকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র ছেঁড়ার অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
আটক এম এইচ নোমান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান শাহীনের শ্যালক।
মনোহরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঝলম দক্ষিণ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আজিজ বাঙ্গালীর মনোনয়নপত্র নির্বাচন কর্মকর্তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলেন নোমান।
“এ অভিযোগে শুক্রবার সকালে নির্বাচন কর্মকর্তা মো. নাজির হোসেন মিয়া মামলা করলে পুলিশ নোমানকে গ্রেপ্তার করে।”
মামলায় নোমানের নাম উল্লেসহ অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে বলে জানান পরিদর্শক।
বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উপজেলা পরিষদের নির্বাচন কার্যালয়ে ১১ ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
আগামী ৭মে এসব ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা রয়েছে।
