২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চুরির অভিযোগে কিশোরকে নগ্ন করে নির্যাতন, গ্রেপ্তার ২

ফেনীতে চুরির অভিযোগে এক কিশোরকে নগ্ন করে নির্যাতনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2016, 07:55 PM

Updated : 12 Apr 2022, 01:47 AM

মঙ্গলবার গভীররাতে প্রদীপ ও সবুজ নামে ওই দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ।

গত ১ এপ্রিল (শুক্রবার) শহরের কালিপাল সংলগ্ন দশমীঘাট এলাকায় নির্যাতনের ঘটনাটি ঘটে। এর ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ‘নড়েচড়ে ওঠে’ পুলিশ।

ওসি মাহবুব জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নির্যাতনের ছবিতে থাকা প্রদীপ, স্থানীয় ব্যবসায়ী অর্জুন দাসসহ একাধিক ব্যক্তিকে খুঁজতে পুলিশ অভিযান চালায়। মঙ্গলবার রাতে প্রদীপ ও অর্জুনের ছোট ভাই সবুজকে আটক করা হয়।

বুধবার বিকালে পুলিশ সুপার (এসপি) রেজাউল হকের সংবাদ সম্মেলনে নির্যাতিত কিশোরকে (১৫) হাজির করা হয়।

সংবাদ সম্মেলনে এসপি জানান, জেলা পুলিশের স্পেশাল বিভাগ, থানা ও ডিবি পুলিশ দুপুরে শহরের সহদেবপুর এলাকা থেকে তাকে উদ্ধার করেছে।

এ ঘটনায় ওই কিশোরের মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৬/৭জনকে আসামি করে ফেনী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।

অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে ছেলেটি জানায়, শহরের সহদেবপুর এলাকার আবদুল হাই কলোনিতে পরিবারের সঙ্গে থাকে সে। বাবা ভাঙ্গারি ব্যবসায়ী হলেও পরিবারের খরচ দেয় না। ফলে সে ভাঙ্গারি কুড়িয়ে পরিবার চালায়।

তার অভিযোগ, গত শুক্রবার দুপুরে শহরের কালিপাল দশমীঘাট এলাকায় ফারুক স্যানিটারি দোকানে সামনে ভাঙ্গারি কুড়ানোর সময় চুরির অভিযোগে স্থানীয়রা তাকে আটক করে। পরে ওই দোকানের মালিক ও স্থানীয়রা তাকে বিবস্ত্র করে দোকানঘরের খুঁটির সঙ্গে বেঁধে লাঠি ও লোহার রড দিয়ে পেটায়।

এক পর্যায়ে নগ্ন অবস্থায় পালিয়ে আত্মরক্ষা করে বলে জানায় এ কিশোর।

তার মা বলেন,ছেলের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। অর্থের অভাবে তাকে ঘরে রেখে চিকিৎসা করা হচ্ছে।