কালবৈশাখীর তাণ্ডবে স্থবির যশোর, নিহত ১
আধা ঘণ্টার কালবৈশাখী ঝড়ে যশোরে একজন নিহতসহ অন্তুত ১০ জন আহত হয়েছে। স্থবির হয়ে পড়েছে শহর ও আশপাশের জনজীবন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রচণ্ড ঝড়ের সাথে শুরু হয় শিলাবৃষ্টি। ছিঁড়ে যায় প্রায় সব এলাকার বৈদ্যুতিক তার। ভেঙে পড়ে বিলবোর্ড, সাইনবোর্ড। উড়ে যায় অনেক ঘরের টিন। সব রাস্তায় গাছ উপড়ে পড়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল।
ঝড়ের সময় আতঙ্কিত হয়ে উপশহর তেঁতুলতলা এলাকায় জামেলা বেগম নামে এক বৃদ্ধা নিহত হন বলে সদর হাসপাতালের চিকিৎসক ইউসুফ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
এদিকে শহরের শংকরপুর এলাকায় নির্মাণাধীন আইটি পার্কের অন্তুত ১০ শ্রমিক আহত হয়েছেন।
তাদের মধ্যে গুরুতর অবস্থায় আটজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে প্রকৌশলী জানান। তারা হলেন কামরুল (৫৫), শরিফুল (৩৫), নাজমুল (২৫), তসিকুর (৪৫), তফসীর (২৭), আব্দুল্লাহ (২৫), মালেক (২০) ও সবুজ (২২)।
এছাড়া ঝড়ে পার্কের ক্রেন ভেঙে ১৬ তলা ভবনের উপর হেলে রয়েছে। নিচে পড়লে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে তিনি জানান।
যশোর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কমান্ডার মাসুদ সরদার রাত সাড়ে ১১টায় জানান, শহরের এইচএমএম রোড, দড়াটানা ও হাসপাতাল মোড়সহ বিভিন্ন এলাকায় গিয়ে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তার সরানো হয়েছে।
“যশোর-মাগুরা সড়কের হুদোর মোড়, মনোহরপুর, যশোর-বেনাপোল সড়কের নিমতলা, ঝিকরগাছা, যশোর-খুলনা রোডের রূপদিয়া এলাকায় রাস্তার উপর বড় বড় গাছ পড়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। গাছ সরানোর চেষ্টা চলছে। অনেক সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।”
যশোর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিভিশন কোম্পানির তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, ঝড় শুরুর পর থেকে শহরে বিদ্যুৎ নেই। সব কটি অঞ্চলে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। তারের উপর গাছপালা পড়ে আছে। সেগুলো সরানোর চেষ্টা চলছে।
কবে নাগাদ বিদ্যুৎ সংযোগ দেওয়া যাবে তা তিনি বলতে পারেননি।
এদিকে আহতদের দেখতে রাতেই হাসপাতালে গিয়েছেন জেলা প্রশাসক হুমায়ুন কবীর। তিনি তাদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন।
বাগেরহাটে ঝড়
বাগেরহাট প্রতিনিধি জানান, রাত সোয়া ৮টা থেকে জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলমের বরাত দিয়ে প্রতিনিধি জানান, মংলা, রামপাল, শরণখোলা, ফকিরহাট ও বাগেরহাট সদর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং বিপুল সংখ্যক গাছপালা উপড়ে পড়েছে।
ঝড়ে বেশকিছু বড় গাছ বিদ্যুতের তারের উপর পড়ায় সারা জেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
এছাড়া বাগেরহাট-খুলনা সড়ক এবং বাগেরহাট-মাওয়া মহাসড়কের কয়েকটি এলাকায় রাস্তার উপর গাছপালা পড়ে থাকায় যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।
তবে রাতেই গাছ সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।
