স্কুলছাত্র উদ্ধার, ৯ লাখ টাকাসহ নারী আটক
মুক্তিপণের দাবিতে অপহৃত এক স্কুলছাত্রকে নারায়ণগঞ্জ শহর থেকে উদ্ধারসহ এক নারীকে সোয়া ৯ লাখ টাকাসহ আটক করেছে র্যাব।
সোমবার বিকেলে শহরের ২ নম্বর রেলগেট থেকে বায়েজীদকে উদ্ধার ও সুরাইয়া বেগমকে আটক করা হয় বলে র্যাব-১১-এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির সহকারী পুলিশ সুপার মশিউর রহমান জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার দুপুর ১২টায় মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থানার রান্ধুনীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র বায়েজীদ বোস্তামীকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে একটি চক্র।
“দুপুর ২টায় বায়েজীদের মা বিলকিস বেগম র্যাব-১১-তে অভিযোগ করলে অভিযান চালানো হয়। ২ নম্বর রেলগেটের ইসলামী ব্যাংকের সামনে থেকে শিশুটিকে উদ্ধার এবং সুরাইয়া বেগমকে আটকের পর তার কাছ থেকে ৯ লাখ ২৫ হাজার টাকা ও দুটি মোবাইল জব্দ করা হয়েছে।”
আটক সুরাইয়া নারায়ণগঞ্জ সদর উপজেলার পুরনো গোগনগর আলীটেক এলাকার আরমান হোসেনের স্ত্রী।
