‘বিষ দিয়ে ৫০০ মণ আলু ধ্বংস’
মুন্সীগঞ্জ সদর উপজেলায় পূর্বশুত্রুতার জের ধরে ‘বিষ দিয়ে ৫০০ মণ’ আলু ধ্বংসের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার চরডুমুরিয়া গ্রামের জালাল খাঁ তার ক্ষেতে স্তূপ করে রাখা আলু বিক্রির জন্য বস্তাবন্দি করতে গিয়ে পচন দেখতে পান।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলুর এমন পচন তারা আগে কোনো দিন দেখেননি।
জালাল খাঁর আলু ছাড়াও ওই ক্ষেতে আরও অনেকের কাঁড়ি কাঁড়ি আলু রয়েছে। জমি থেকে আলু তোলার পর বৈশাখ পর্যন্ত এভাবেই স্তূপ করে রাখা হয় বলে তারা জানান।
“পূর্বশুত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটানো হয়েছে। এর আগেও তিনবার মোজা ব্যাপারির ছেলে আমীর আলী ও অলি ব্যাপারি, মন্টুর ছেলে মানিক, আলমাস খাঁর ছেলে ইকবালসহ একটি সংঘবদ্ধ সন্ত্রাসীদল ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আমার ও আমার ছেলের উপর হামলা চালিয়ে মারধর করে।
“আগামী ইউপি নির্বাচনে আমি সদস্য পদে প্রার্থী হব বলে এসব সন্ত্রাসী আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য বিষ দিয়ে এমন ঘটনা ঘটাতে পারে।”
দুটি কাঁড়িতে ৫০০ মণ আলু ছিল বলে জালাল সাংবাদিকদের কাছে দাবি করেন।
এ ব্যাপারে অভিযুক্তদের সাথে কথা বলার চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।
কোনো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আলুর পচন হয়নি বলে জানিয়েছেন উপজেলা কৃষি-কর্মকর্তা জগদীশ চন্দ্র দেবনাথ।
“কোনো বিষাক্ত কেমিক্যাল বা বিষের কারণেই আলুর এমন পচন হয়েছে। এটি শত্রুতাবশত ঘটানো হতে পারে।”
সদর থানার ওসি ইউনুছ আলী বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলুর মালিক লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
