তনু হত্যার বিচার প্রচলিত আইনেই: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, প্রচলিত আইনেই কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের বিচার করা হবে।
সোমবার সাভারে এক অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “তনু হত্যার বিচারের জন্য নতুন আইনের প্রয়োজন নেই।”
এর আগে শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছিলেন, তনু হত্যার ঘটনা একটি আধুনিক অপরাধ। পুরনো ফৌজদারি আইন দিয়ে এর সুষ্ঠু তদন্ত কিংবা বিচার সম্ভব নয়।
তার দুদিন বাদেই স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য এল।
কুমিল্লা সেনানিবাসে ভিক্টোরিয়া কলেজের এই ছাত্রী হত্যার পর ১৫ দিন গড়ালেও এখনও কোনো খুনি শনাক্ত কিংবা গ্রেপ্তার হয়নি। এ নিয়ে সমালোচনা চলছে দেশজুড়ে।
গণবিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের অভিষেক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীকে আশুলিয়ায় উপ-পরিদর্শক মলয় কুমার সাহাকে উপ-মন্ত্রী আরিফ খান জয়ের মারধরের বিষয়েও প্রশ্ন করেন সাংবাদিকরা।
তিনি বলেন, একটি ঘটনার অভিযোগ এসেছে। এখন বিষয়টি প্রথমে তদন্ত করে দেখা হবে।
“ঘটনাটা কীভাবে হল, কার গাফিলতি ছিল। সবকিছু দেখে শুনেই ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ওই অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানটির ছাত্রসংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ করান আসাদুজ্জামান কামাল।
গণ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য এনামুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, গণস্বাস্থ্য ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জাফর উল্লাহ, উপাচার্য মেজবাহ উদ্দিন।
