২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে এক কেন্দ্রে ‘ভুল প্রশ্নে’ এইচএসসি পরীক্ষা

টাঙ্গাইলের সখীপুরে সরকারি মুজিব কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থীদের পুরোনো সিলেবাসের প্রশ্ন সরবরাহ করার খবর পাওয়া গেছে।

টাঙ্গাইল প্রতিনিধি

এম এ রাজ্জাক,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 12:26 AM

Updated : 12 Apr 2022, 01:46 AM

রোববার অনুষ্ঠিত বাংলা প্রথমপত্র পরীক্ষায় ওই কেন্দ্রের একটি কক্ষে ২০১৬ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্ন সরবরাহ না করে ২০১৫ সালের সিলেবাসের প্রশ্নপত্র সরবরাহ করা হয় বলে জানান সখীপুর আবাসিক মহিলা কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আ. গফুর তালুকদার।

তিনি বলেন, “শিক্ষার্থীরা বিষয়টি আঁচ করতে পেরে কক্ষের দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে জানালেও কোনো প্রতিকার পায়নি। এর ফলে পরীক্ষা খারাপ হওয়ায় পরীক্ষা শেষে অনেক পরীক্ষার্থী কান্নাকাটি করে বাড়ি যায়।”

সখীপুর আবাসিক মহিলা কলেজের মানবিক বিভাগের পরীক্ষার্থী জুয়েনা আক্তার বলে, “আজকের পরীক্ষায় তো এমনিতেই ফেইল। বাকি পরীক্ষা দিয়ে লাভ কী?”

নাহিদা ইসলামসহ কয়েকজন পরীক্ষার্থী জানায়, সখীপুর সরকারি মুজিব কলেজ কেন্দ্রে সখীপুর আবাসিক মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা অংশ নেয়। ওই কেন্দ্রের ২০৬ নম্বর কক্ষে পুরোনো সিলেবাসের কোনো পরীক্ষার্থী ছিল না। তারপরও সেখানে ২০১৫ সালের পুরোনো সিলেবাসের বহু নির্বাচনী প্রশ্নপত্র সরবরাহ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে সরকারি মুজিব কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আব্বাছ আলী তালুকদার বলেন, “ভুলবশত একটি কক্ষে পুরোনো সিলেবাসের প্রশ্ন সরবরাহ করা হয়েছে বলে শুনেছি। কীভাবে এটা হল, তা খতিয়ে দেখা হচ্ছে।

“সমাধানের জন্য ঢাকা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছি। তিনি বিষয়টি সমাধানের চেষ্টা করবেন বলেছেন।”

ওই পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা পরিচালনার প্রধান সরকারি মুজিব বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক জয়নাল আবেদিনের কাছে এ বিষয়ে জানতে তার  মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।

সখীপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা বলেন, “ভুল প্রশ্ন সরবরাহের মৌখিক অভিযোগ পেয়েছি।

“পুরোনো সিলেবাসের প্রশ্নে কতজন পরীক্ষার্থী আজ পরীক্ষা দিয়েছে তার সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি।”

লিখিত অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।