দুজন নয়, নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে নিহত ১
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বয়লার মেরামত করতে গিয়ে বিস্ফোরণে এক ওয়ার্কশপ শ্রমিকের মৃত্যু হয়েছে, দগ্ধ আরেক শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার রাতের ওই ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দুইজনের নিহত হওয়ার খবর সংবাদ মাধ্যমকে জানানো হলেও রোববার সকালে সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের জানান, ওই তথ্য ভুল ছিল।
তিনি বলেন, নিহত আল আমিন (২৭) বরিশাল জেলার উজিরপুর থানার গাজীপুর এলাকার মোদাছের আলীর ছেলে। আর আহত হাবিবুর রহমান (৪৫) ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। তার বাড়িও বরিশাল।
বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শত শত লোক সেখানে ভিড় জমায়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ঢাকা সদর দপ্তরের উপ-পরিচালক মোজাম্মেল হক জানান, ওই ওয়ার্কশপে বিভিন্ন পোশাক কারখানার বিকল হয়ে যাওয়া এসি ও বয়লার মেরামত করা হতো। তবে বিস্ফোরণের কারণ তিনি জানাতে পারেননি।
ওসি মঞ্জুর কাদের জানান, আল আমিনের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রোববার সকাল পর্যন্ত কেউ থানায় মামলা করেনি।
