তিতাসের আরেকটি গ্যাস কূপ খনন শুরু
তিতাস গ্যাস ফিল্ডের ২৬ নং কূপের খনন কাজ শুরু হয়েছে।
শনিবার দুপুরে খনন শুরু হওয়া বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) আওতাধীন এই কূপটি ৩৬০০ মিটার পর্যন্ত গভীর হতে পারে।
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পনি লিমিটেডের সচিব মতিউর রহমান জানান, তিতাসের এই কূপের খনন আগামী ৩ মাসের মধ্যে শেষ বলে আশা করছেন তারা।
তিনি জানান, বিজিএফসিএল দৈনিক সর্বোচ্চ ৮৩০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদন করছে। এই গ্যাস দেশের মোট গ্যাস উৎপাদনের ৩১ ভাগ। ২৬ নম্বর কূপটি থেকে গ্যাস উৎপাদন শুরু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ দৈনিক প্রায় ৫২৫ মিলিয়ন ঘনফুট হতে বেড়ে ৫৬৫ মিলিয়ন ঘনফুটে উন্নীত হতে পারে।
সম্প্রতি বাপেক্সে মাধ্যমে তিতাস ফিল্ডে ৩৩৫ বর্গ কিলোমিটার এলাকায় ৩-ডি সিসমিক জরিপ করা হয়। এই জরিপের ফলাফলের উপর ভিত্তি করে গ্যাস উৎপাদন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুটি কূপ খননের পরিকল্পনা করা হয়। এ দুটি কূপ খনন শেষে আরও দুটি কূপ খনন করা হবে।
এ কূপ খননের মাধ্যমে তিতাস গ্যাস ফিল্ডের সামগ্রিক মূল্যায়ন ও বিস্তারিত ভূ-তাত্ত্বিক তথ্য-উপাত্ত জানা যাবে। যা ভবিষ্যতে নতুন কূপ খননের পরিকল্পনা গ্রহণে সহায়ক হবে বলে জানান তিনি।
এ চারটি গ্যাস কূপ খনন কাজে এডিবি ও জিওবি অর্থায়ন করছে। চীনের প্রতিষ্ঠান সিনুপেক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস কর্পোরেশন সব কূপ খনন করছে।
