পোল্ট্রি বাঁচাতে গাইবান্ধায় মানববন্ধন
মুরগির বাচ্চা ও খাদ্যের দাম কমানোসহ সরকার নির্ধারিত নীতিমালা তৈরির দাবিতে মানববন্ধন করেছে গাইবান্ধা জেলা পোল্ট্রি খামার মালিক সমিতি।
শনিবার গাইবান্ধা শহরের ডিবি রোড আসাদুজ্জামান মার্কেটের সামনে পোল্ট্রি খামার মালিক ও শ্রমিকরা এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা পোল্ট্রি খামার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন, মিজানুর রহমান টিটু, আব্দুর রশিদ, শহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সিন্ডিকেট করে হ্যাচারি মালিকরা দীর্ঘদিন ধরে মুরগির বাচ্চা ও খাদ্যের দাম কয়েক গুণ বৃদ্ধি করেছে। এতে দেশের উত্তরাঞ্চলের শুধু গাইবান্ধায় ১০ হাজার খামারের উপর এর প্রভাব পড়েছে। পোল্ট্রি মালিকরা ব্যাংক ঋণের বোঝা মাথায় নিয়ে তাদের অনেক খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে।
