পারিবারিক বিরোধে মারামারি, আটকের পর ‘হৃদরোগে’ মৃত্যু
সাতক্ষীরার কলারোয়ায় তুচ্ছ বিষয় নিয়ে পারিবারিক বিরোধে ধারালো অস্ত্রের আঘাতে চারজন আহত হওয়ার পর আটক এক ব্যক্তি ‘হৃদরোগে’ মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার দেয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে খোর্দ পুলিশ ফাঁড়ির এসআই লুৎফর রহমান জানান।
তিনি বলেন, মোসলেম আলি সানা নামের ৫০ বছর বয়সী ওই ব্যক্তিকে আটক করে থানায় নেওয়ার পথে ভয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক হৃদরোগে তার মৃত্যুর কথা জানান।
মোসলেমের ভাই ইদ্রিস সানা এবং তার পরিবারের সদস্য জসিম উদ্দীন সানা, নাজিম উদ্দীন সানা ও মঞ্জুয়াকে আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতাল ও কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা সবাই মোসলেমের ছেলেদের ধারালো অস্ত্রের কোপে আহত হয়েছেন বলে পুলিশ ও স্থানীয়দের ভাষ্য।
স্থানীয় দেয়াড়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের সদস্য বাবর আলী সরদার মধু জানান, সানাদের এই যৌথ পরিবার চলে মূলত কৃষিকাজের আয়ে। গাছের শুকনো পাতা কুড়িয়ে দরিদ্র পরিবারের রান্নার কাজটি চলে। ঘরের চাল ছাওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই দুই ভাইয়ের পরিবারে ঝগড়া চলছিল।
স্থানীয়দের বরাত দিয়ে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন জানান, বৃহস্পতিবার রাতে রান্নার সময় জমানো পাতার ভাগ নিয়ে মোসলেম ও ইদ্রিসের স্ত্রীর কথা কাটাকাটি হয়।এরপর দুই ভাইয়ের পরিবারের সদস্যরা ঝগড়ায় জড়িয়ে পড়ে।
“এক পর্যায়ে মোসলেমের ছেলে জসিম, নাজিম ও আব্দুল্লাহ লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে চাচা ইদ্রিস ও অন্যদের কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।”
খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে গিয়ে ছেলেদের না পেয়ে মোসলেমকে আটক করে। থানায় নেওয়ার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন।
ইউপি সদস্য বাবর আলী বলেন, মোসলেম নিজে মারামারিতে ছিলেন না বলে তিনি শুনেছেন। ছেলেরা মারামারি করে পালিয়ে যাওয়ায় পুলিশ এসে বাবাকে আটক করেছিল।
শুক্রবার দুপুর পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
