২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তনু হত্যার প্রতিবাদে বরিশালে মশাল মিছিল

কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে বরিশালে মশাল মিছিল হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 09:01 PM

Updated : 11 Oct 2022, 08:01 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় মশাল মিছিলের আয়োজন করে বরিশাল ছাত্র ও যুব ইউনিয়ন।

নগরীর সদর রোড অশ্বিনী কুমার টাউন হলের সামনে থেকে মশাল মিছিল শুরু হয়। পরে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শারমিন জাহান পপির সভাপতিত্ব করেন।

বক্তারা তনু হত্যাকাণ্ড একটি পরিকল্পিত ঘটনা বলে মনে করছেন।

এ ঘটায় সরকার নিশ্চুপ থাকারও সমালোচনাও করেন তারা।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বরিশাল জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি একে আজাদ, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম খোকন, ছাত্র ইউনিয়ন বিএম কলেজ শাখার সভাপতি দিপঙ্কর কুন্ডু।

ভিক্টোরিয়া কলেজের ইতিহাসের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তনু। ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী বাবার সরকারি কোয়ার্টারে পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

বাসার তিনশ গজ দূরে আরেকটি কোয়ার্টারে দুই স্কুলশিক্ষার্থীকে পড়াতে যেতেন তিনি। ২০ মার্চ সন্ধ্যায় ছাত্র পড়িয়ে ফেরার পথে খুন হন তিনি। খুনের আগে তাকে ধর্ষণ করা হয় বলে ধারণা করা হচ্ছে।