রিভিউ নিয়ে নিজামীর সঙ্গে আইনজীবী ছেলের সাক্ষাৎ
একাত্তরের যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদনের বিষয়ে কথা বলার অনুমতি নিয়ে তার সঙ্গে দেখা করেছেন ছেলে ব্যারিস্টার নাজীব মোমেনসহ দুই আইনজীবী।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ বৃহস্পতিবার দুপুরে তাদের এই সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন কারাগারের সুপার সুপার প্রশান্ত কুমার বণিক।
মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেওয়া রায় পুনর্বিবেচনার (রিভিউ) জন্য মঙ্গলবার যে আবেদন একাত্তরের বদর প্রধান নিজামী করেন সেটি আগামী ৩ এপ্রিল আদালতের কার্যতালিকায় আসার কথা।
কারাগারের সুপার প্রশান্ত বলেন, নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিম ও আইনজীবী মতিউর রহমান আকন্দ দুপুর সোয়া ১টার দিকে তার রিভিউয়ের ব্যাপারে কথা বলার অনুমতি চেয়ে লিখিত আবেদন নিয়ে কারাগারে আসেন।
“দুপুর দেড়টায় নিজামীর সঙ্গে তাদের কথা বলার ব্যবস্থা করা হয়। কারাগারের একটি কক্ষে প্রায় আধা ঘণ্টা নিজামীর সঙ্গে কথা বলে দুপুর ২টা ১০মিনিটে তারা বের হন।”
নিজামীর রিভিউ না টিকলে রাষ্ট্রপতির কাছে তিনি প্রাণভিক্ষা চাইতে পারবেন। দুই আর্জিই নাকচ হলে সরকারের সিদ্ধান্ত অনুসারে কারা কর্তৃপক্ষ দণ্ড কার্যকরের ব্যবস্থা নেবে।
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় পাবনায় হত্যা, ধর্ষণ ও বুদ্ধিজীবী গণহত্যার দায়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
চলতি বছর ৬ জানুয়ারি আপিল আংশিক মঞ্জুর করে সেই ফাঁসির রায়ই বহাল রাখে সর্বোচ্চ আদালত।
জামায়াত আমির নিজামী একাত্তরে ছিলেন দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘের নাজিমে আলা বা সভাপতি এবং সেই সূত্রে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতার জন্য গঠিত আল বদর বাহিনীর প্রধান।
স্বাধীনতাকামী বাঙালির ওপর দমন-পীড়ন চালাতে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতার জন্য গঠিত রাজাকার বাহিনী ও শান্তি কমিটিতেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে এ মামলার বিচারে উঠে আসে।
সর্বোচ্চ আদালতে নিজামীর ফাঁসির রায় বহাল থাকার পর এর আগে গত ১৬ ও ২৪ মার্চ ছেলে নাজিবসহ তিন আইনজীবী এবং পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করেন।
